স্থানীয়দের অভিযোগ, গত দুদিন ধরে ওই ফ্ল্যাট থেকে প্রচণ্ড দুর্গন্ধ ছড়াচ্ছিল। প্রথমে কেউ বিষয়টি গুরুত্ব না দিলেও, মঙ্গলবার দুর্গন্ধ অসহ্য হয়ে ওঠে।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 26 July 2025 18:33
দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ কলকাতার বাঁশদ্রোণীতে একটি বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার হল পচাগলা দেহ। মৃত যুবকের নাম সুব্রত দে (৩৭)। আসানসোলের বাসিন্দা সুব্রত বেশ কয়েক মাস আগে বাঁশদ্রোণীর নিরঞ্জন পল্লিতে একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন। পুলিশের প্রাথমিক অনুমান, বেশ কিছু দিন আগেই মৃত্যু হয়েছে তাঁর। তবে আত্মহত্যা না অন্য কিছু — তা ঘিরে তৈরি হয়েছে রহস্য।
স্থানীয়দের অভিযোগ, গত দুদিন ধরে ওই ফ্ল্যাট থেকে প্রচণ্ড দুর্গন্ধ ছড়াচ্ছিল। প্রথমে কেউ বিষয়টি গুরুত্ব না দিলেও, মঙ্গলবার দুর্গন্ধ অসহ্য হয়ে ওঠে। প্রতিবেশীরা দেখেন, ফ্ল্যাটের একটি জানলায় প্রচুর মাছি ঘুরছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশের। পুলিশ এসে দরজা ভেঙে দেখে, ছাদ থেকে ঝুলছে যুবকের দেহ। ততক্ষণে শরীর পচে গেছে।
সুব্রত একাই থাকতেন। কারও সঙ্গে বিশেষ মেলামেশা করতেন না বলেই জানিয়েছেন প্রতিবেশীরা। তাঁর পরিবার বা কোনও পরিচিতকেও এলাকায় আসতে দেখা যায়নি বলে জানিয়েছেন বাড়ির মালিক। জানা গেছে, শেয়ার বাজারে কাজ করতেন মৃত যুবক। তবে কোনও আর্থিক সমস্যার কারণে তিনি মানসিক চাপে ছিলেন কি না, তা এখনও স্পষ্ট নয়।
পুলিশ জানিয়েছে, অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে। ফরেন্সিক বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হতে পারে। মৃত্যু আদৌ আত্মহত্যা, নাকি এর পিছনে অন্য কোনও চক্রান্ত রয়েছে — তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।