
প্রতীকী ছবি
শেষ আপডেট: 18 November 2024 13:40
দ্য ওয়াল ব্যুরো: কলকাতার রাস্তা থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় ইতিমধ্যে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম মহম্মদ সরফরাজ (৩০)। শ্বাসরোধ করে খুনের অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার রাতে জোড়াসাঁকো এলাকায় ফুটপাত থেকে ওই যুবকের দেহ উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, বেশ কিছুক্ষণ অচৈতন্য অবস্থায় পড়েছিল সে। শরীর থেকে রক্তপাতও হয়েছিল। সেখান থেকে তাঁকে উদ্ধার করে নিকটবর্তী মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। যদিও মৃতর পরিচয় এখনও জানতে পারেনি পুলিশ।
সরফরাজ নামে যাকে গ্রেফতার করা হয়েছে সেই ওই ব্যক্তিকে শ্বাসরোধ করে খুন করেছে বলে মনে করছে পুলিশ। স্থানীয় এলাকার সিসিটিভি ফুটেজে দেখা গেছে, সরফরাজ তাঁকে গলা টিপে শ্বাসরোধ করার চেষ্টা করছে। ঘটনাস্থল থেকে একটি গামছাও উদ্ধার করা হয়েছে। পুলিশের অনুমান, ওই গামছা দিয়েই মৃতর শ্বাসরোধ করা হয়েছিল। সরফরাজকে জেরা করে বাকি তথ্য পাওয়ার চেষ্টা করছে তদন্তকারীরা।
শ্বাসরোধ করে খুন করা হলে মৃতর শরীর থেকে রক্তপাত কেন হল, সেটা এখনই বুঝে উঠতে পারছে না পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ আরও বেশি খুঁটিয়ে দেখছে তাঁরা। পাশাপাশি, এলাকাবাসীর থেকেও রবিবার রাতের ঘটনা সম্পর্কে জানার চেষ্টা করছে তাঁরা।