
বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়
শেষ আপডেট: 20 February 2025 15:40
দ্য ওয়াল ব্যুরো: স্কচ অ্যাওয়ার্ড পয়সা দিয়ে কেনা হয়। রাজ্য যে পুরস্কার পায় তা নিজেরাই টাকা খরচ করে কেনে। রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগের ফল এবার হাতেনাতে পেলেন বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়।
বৃহস্পতিবার অভিনেতা-বিধায়কের বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের নোটিস জমা পড়েছে বলে খবর। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় প্রিভিলেজ কমিটির কাছে ইতিমধ্যে নোটিস জমা দিয়েছেন বলে খবর।
শীঘ্রই হিরণকে তাঁর মন্তব্যের জন্য কমিটির কাছে উপযুক্ত তথ্যপ্রমাণ পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ২৪ ফেব্রুয়ারি অর্থাৎ সোমবারের মধ্যে তাঁকে লিখিতভাবে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
যদিও এদিন নোটিস পেয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে খড়গপুর সদরের বিধায়ক পরিষ্কার জানিয়ে দেন, “আমি তো সমস্ত তথ্যপ্রমাণ দিয়েছিলাম। কিন্তু আমাকে এখন লিখিত জমা দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। যদি তাই হয় আমাকে লিখিতভাবে জানানো উচিত। আগামী ২৪ তারিখের মধ্যে স্পিকার আমাকে লিখিতভাবে তথ্যপ্রমাণ জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। আমার তাতে কোনও আপত্তি নেই।’ তিনি আরও জানান, সত্যি বলার জন্যই স্বাধিকারভঙ্গের নোটিস ধরানো হয়েছে।
উল্লেখ্য, বুধবারই বিধানসভায় রাজ্য সরকারকে আক্রমণ করেন হিরণ। বিজেপি বিধায়কের পরিষ্কার অভিযোগ, টাকার বিনিময়ে রাজ্য পুরস্কার পায়। এরপরই প্রতিবাদে সরব হন তৃণমূল বিধায়করা। সেই ঘটনার চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই এবার হিরণের বিরুদ্ধে জমা পড়ল স্বাধিকার ভঙ্গের নোটিস।