আদালতে পার্থ চট্টোপাধ্যায় হাজিরা না দেওয়ায় কড়া অবস্থান নিয়েছে ব্যাঙ্কশাল কোর্ট। বুধবার নির্ধারিত হাজিরার দিনে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সশরীরে আদালতে না পৌঁছনোয় তাঁর জামিন বাতিলের সতর্কবার্তা দেন বিচারক।

পার্থ চট্টোপাধ্যায়
শেষ আপডেট: 26 November 2025 12:50
দ্য ওয়াল ব্যুরো: শিক্ষক নিয়োগ দুর্নীতি (Teachers Recruitment Scam) মামলায় সম্প্রতি শর্তসাপেক্ষে জামিন (Bail) পেয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। বর্তমানে জেলমুক্ত থাকলেও তাঁর জামিন বাতিল হতে পারে! বুধবার এমনই হুঁশিয়ারি দেওয়া হয়েছে তাঁকে। পার্থর আচরণ নিয়ে ক্ষুব্ধ ব্যাঙ্কশাল কোর্টের (Bankshal Court) বিচারক শুভেন্দু সাহা।
আদালতে পার্থ চট্টোপাধ্যায় হাজিরা না দেওয়ায় কড়া অবস্থান নিয়েছে ব্যাঙ্কশাল কোর্ট। বুধবার নির্ধারিত হাজিরার দিনে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) সশরীরে আদালতে না পৌঁছনোয় তাঁর জামিন বাতিলের সতর্কবার্তা দেন বিচারক।
এদিন ব্যাঙ্কশাল কোর্টে পার্থ-সহ একাধিক অভিযুক্তের হাজিরা দেওয়ার কথা ছিল। কিন্তু চার্জশিটভুক্ত পার্থ, শান্তনু বন্দ্যোপাধ্যায়-সহ কয়েকজন অনুপস্থিত থাকায় বিচারক স্পষ্ট ভাষায় বলেন, “উচ্চ আদালত থেকে জামিন পাওয়া মানে এই নয় যে বাড়িতে বসে থাকবেন। শুনানি থাকলে প্রত্যেককে আদালতে উপস্থিত হতে হবে। হাজিরা না দিলে এই কোর্টের অধিকার আছে জামিন বাতিল করে দেওয়ার।” বিচারকের হুঁশিয়ারি - আশা করি কেউ পচা শামুকে পা কাটবেন না।
পার্থের আইনজীবীরা আদালতে জানান, স্বাস্থ্যজনিত কারণে (Health Issue) তিনি হাজির হতে পারেননি এবং সে বিষয়ে পৃথক আবেদনও জমা দেওয়া হয়েছে। কিন্তু তাতেও সন্তুষ্ট হননি বিচারক। তিনি বলেন, “আমি কারও নাম নির্দিষ্ট করে বলছি না। কিন্তু যাঁরা উচ্চ আদালতের জামিনে রয়েছেন, তাঁদের পরিষ্কার জানিয়ে দিন, হাজিরা না দিলে আদালত কঠোর ব্যবস্থা নেবে।”
অপরদিকে, মামলার অন্যান্য অভিযুক্তদের মধ্যে কুন্তল ঘোষ, তাপস মণ্ডল, মানিক ভট্টাচার্য, মন্ত্রী চন্দ্রনাথ সিনহা - এরা সশরীরে হাজির ছিলেন। কেবল পার্থ এবং শান্তনুর অনুপস্থিতিই আদালতের নজরে পড়ে। ফলে শুনানি শুরুর সঙ্গে সঙ্গে বিচারকের অসন্তোষ স্পষ্ট হয়।
এই মামলার পরবর্তী শুনানি ৬ জানুয়ারি। সেদিন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ও শান্তনু বন্দ্যোপাধ্যায়ের (Santanu Banerjee) উপস্থিতির উপরই এখন নজর আইনি মহলের। জামিনের শর্ত মানা না হলে কী সিদ্ধান্ত নেয় আদালত - সেই দিকেই তাকিয়ে রাজ্য রাজনীতি।
প্রসঙ্গত, তিন বছর সাড়ে তিন মাসের দীর্ঘ কারাবাস শেষ করে জামিনে মুক্ত হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী ও তৃণমূলের একদা মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। কিন্তু দলে তাঁর প্রত্যাবর্তন যে ঘটছে না তা মোটামুটি স্পষ্ট হয়ে গেছে। শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় জামিন পেলেও পার্থ চট্টোপাধ্যায়ের এখনও ক্লিনচিট মেলেনি। অভিযোগ আদালতের বিচারাধীন। এই কারণেই তৃণমূলের সঙ্গে তাঁর দূরত্ব স্পষ্ট - এমনটাই সূত্রের দাবি।