
নিজস্ব ছবি
শেষ আপডেট: 5 April 2025 17:50
দ্য ওয়াল ব্যুরো: বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রামনবমী (Ram Navami) পালন করতে চেয়েছিল এবিভিপি (ABVP)। কিন্তু যাদবপুর (Jadavpur University) কর্তৃপক্ষের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে ক্যাম্পাসের ভিতরে রামনবমী করা যাবে না। পাল্টা এবিভিপির দাবি, ইফতার করতে দেওয়া হলে কেন রামনবমীতে নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে! স্পষ্ট করে ছাত্রসংগঠনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, রোববার সকাল সাড়ে এগারোটায় রামনবমী পালন হবেই।
এদিন এবিভিপির কলকাতা জেলা সম্পাদক দেবাঞ্জন পাল বলেন, "আমাদের ক্যাম্পাসের ভিতরে ছোট করে শ্রী রামচন্দ্রের একটা আরাধনা করব। বিশ্ববিদ্যালয় তো পশ্চিমবঙ্গের বাইরে নয়! ইফতার হলে, সরস্বতী পুজো, রামনবমীর মতো উৎসবও তো পালন করা যায়।"
দেবাঞ্জনের কথায়, "বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এহেন একপেশে সিদ্ধান্ত আমরা অনেক আগেই আঁচ করতে পেরেছিলাম। তবে আমরা অনুষ্ঠান করবই"।
বিষয় হল, যেহেতু এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ে কোনও কর্তৃপক্ষ নেই, অস্থায়ী উপাচার্য ভাস্কর গুপ্তকেও সরিয়ে দেওয়া হয়েছে, সেহেতু এই ধরনের কোনও অনুষ্ঠান পালন করা যাবে না। এই মর্মে একটি রেজুলিউশনও পাস হয়েছে বিশ্ববিদ্যালয়ে। যেখানে সই করেছেন সহ উপাচার্য ও ডিনদের।
অন্যদিকে, এবিভিপির দাবি, উপাচার্যের অনুপস্থিতিতে যাবতীয় কাজ, অনুষ্ঠান হলেও কেবল রামনবমী পালনেই যত সমস্যা কর্তৃপক্ষের। এর আগে রামমন্দির প্রতিষ্ঠার সময় লাইভ স্ট্রিমিং নিয়েও বাধা দিতে চেয়েছিল বিশ্ববিদ্যালয়।