
অনশনরত ডাক্তারি চিকিৎসক পুলস্ত্য আচার্য
শেষ আপডেট: 13 October 2024 23:30
দ্য ওয়াল ব্যুরো: অনিকেত, অনুষ্টুপের পর ধর্নামঞ্চে গুরুতর অসুস্থ হয়ে পড়লেন আরও এক অনশনরত জুনিয়র ডাক্তার পুলস্ত্য আচার্য। গ্রিন করিডোর করে নিয়ে যাওয়া হল এনআরএস হাসপাতালের জরুরি বিভাগে। এই হাসপাতালেরই পিজিটি ছাত্র পুলস্ত্য।
জানা যাচ্ছে, এনআরএসের নেফ্রলজি, কার্ডিওলজি, মেডিসিন, চেস্ট মেডিসিন, অ্যানাস্থেসিয়ার চিকিৎসকদের নিয়ে মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। আগে থেকেই তাঁর জন্য নির্দিষ্ট সিসিইউ-র ব্যবস্থা করে রাখা হয়েছিল বলে হাসপাতাল সূত্রে খবর।
৬ অক্টোবর থেকে অনশনে বসেছিলেন নীলরতন সরকার হাসপাতালের প্রথম বর্ষের অ্যানাস্থেসিয়া বিভাগের পিজিটি পুলস্ত্য। ১৯৪ ঘণ্টা অনশনের পর আজ সন্ধে থেকেই অবস্থার অবনতি হতে থাকে।
হাসপাতালের অধ্যক্ষ জানান, ইউরিনে কিটোনের মাত্রা বেড়ে বমি বমি ভাব হতে থাকে পুলস্ত্যের। প্রথমে হাসপাতালে ভর্তি হতে রাজি হননি তিনি। পরে জুনিয়র ডক্টরস ফোরামের তৎপরতায় তাঁকে ধর্মতলার অনশনমঞ্চ থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
প্রসঙ্গত, শনিবার রাতে ধর্মতলার ধর্নামঞ্চে অনুষ্টুপ মুখোপাধ্যায় অসুস্থ হয়ে পড়েন। এখনও তিনি কলকাতা মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন। এর আগে আরজি করের জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো অসুস্থ হয়ে আরজি করে ভর্তি হন। এখনও যা খবর দু'জনের অবস্থা স্থিতিশীল হলেও আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আর এবার অসুস্থ হয়ে পড়লেন পুলস্ত্য আচার্য।
একের পর এক আন্দোলনকারী অসুস্থ হয়ে পড়লেও আন্দোলনকারীরা জানিয়েছেন, সরকার দাবি পূরণ না করা পর্যন্ত আন্দোলনের পথ থেকে সরে আসার প্রশ্নই ওঠে না।