কসবার সাউথ ক্যালকাটা ল কলেজে (South Calcutta Law College) ছাত্রীকে 'গণধর্ষণের' ঘটনার জেরে আপাতত বন্ধ রাখা হচ্ছে কলেজ।

সাউথ ক্যালকাটা আইন কলেজ
শেষ আপডেট: 30 June 2025 14:17
দ্য ওয়াল ব্যুরো: কসবার সাউথ ক্যালকাটা ল কলেজে (South Calcutta Law College) ছাত্রীকে 'গণধর্ষণের' ঘটনার জেরে আপাতত বন্ধ রাখা হচ্ছে কলেজ। ২৯ তারিখ রোববার কলেজের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, "কলেজের সমস্ত বিএএলএলবি এবং এলএলএম (জেনারেল এবং অনার্স) ক্লাস স্থগিত করা হচ্ছে এবং গভর্নিং বডির সিদ্ধান্ত অনুসারে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কলেজ প্রাঙ্গণ সকল শিক্ষার্থীদের জন্য বন্ধ থাকবে।"
কসবার ওই আইন কলেজের ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ইতিমধ্যে চার জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। প্রথমে তিন জনকে গ্রেফতার করা হয়। তাঁদের মধ্যে দু’জন ওই কলেজের বর্তমান ছাত্র এবং এক জন প্রাক্তনী। ওই প্রাক্তনী আবার কলেজের অস্থায়ী কর্মীও। তিনিও ওই ঘটনায় মূল অভিযুক্ত। পরে আরও এক জনকে গ্রেফতার করে পুলিশ। তিনি ওই কলেজের নিরাপত্তারক্ষী হিসাবে কর্মরত ছিলেন।
বর্তমানে কসবার কলেজে গণধর্ষণ কাণ্ডের তদন্ত চালাচ্ছে কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার (দক্ষিণ শহরতলি) প্রদীপকুমার ঘোষালের নেতৃত্বে গঠিত বিশেষ তদন্তকারী দল (সিট)। প্রথমে সিটে পাঁচ জন সদস্য ছিলেন। পরে তদন্তকারী দলে সদস্য সংখ্যা আরও বৃদ্ধি করা হয়। বর্তমানে কলেজে ধর্ষণ কাণ্ডের তদন্ত চালাচ্ছে সাত সদস্যের সিট।