
টলি অভিনেত্রী পায়েল মুখোপাধ্যায়।
শেষ আপডেট: 23 August 2024 23:47
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর নিয়ে উত্তাল দেশ। তারই মঝে ফের কলকাতা শহরে এক তরুণীর গাড়ি থামিয়ে হেনস্থা করার অভিযোগ উঠল অজ্ঞাত পরিচয় বাইক আরোহীর বিরুদ্ধে।
হেনস্থার শিকার হওয়া তরুণী টলি অভিনেত্রী পায়েল মুখোপাধ্যায়। পায়েলের অভিযোগ, শুক্রবার সন্ধেয় সার্দান অ্যাভিনিউতে তাঁর গাড়িতে ধাক্কা মারার পর অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তি জোর করে তাঁর গাড়ি থামিয়ে ঘুষি মেরে জানালার কাচ ভেঙে দিয়েছেন। এ ঘটনায় আতঙ্কিত অভিনেত্রী ঘটনাস্থল থেকে ফেসবুক লাইভ করে কলকাতা শহরে মেয়েদের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলেছেন।
ফেসবুক লাইভে এসে ঘটনার ভিডিও দেখিয়ে টলি অভিনেত্রীর প্রশ্ন, "কলকাতা শহরে এত প্রতিবাদ হচ্ছে, তার মধ্যেও একটি মেয়ের ন্যূনতম নিরাপত্তা নেই। ছেলের বাইকটা আমার গাড়িতে ধাক্কা দেয়। আমিই ড্রাইভ করছিলাম। ছেলেটা আমার গাড়ির কাছে এসে জানলা খুলতে বলে। শ্লীলতাহানির ভয়ে আমি স্বাভাবিকভাবেই গাড়ির জানলা খুলিনি। তারপরই ছেলেটি এসে আমার গাড়ির জানলায় ঘুষি মেরে কাচ ভেঙে দেয়।"
পায়েল এও বলেন, "বাইরে থেকে ওই ব্যক্তি যেভাবে হুমকি দিচ্ছিল তাতে ভর সন্ধেতেও কলকাতা শহরে গাড়ির ভিতর থেকে বের হতে ভয় লাগছিল। কলকাতা শহরে এটাই মেয়েদের নিরাপত্তা!”
ঘটনাস্থল থেকে দাঁড়িয়ে একাধিক ফেসবুক লাইভ করেন পায়েল। অভিনেত্রী জানান, খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে পুলিশ অভিযুক্তকে আটক করেছে। তবে এঘটনায় উদ্বিগ্ন অভিনেত্রী বলেন, "চারিদিকে এত প্রতিবাদ, তারপরেও আমরা মেয়েরা যে সুরক্ষিত নই, সেটা বারে বারে প্রমাণিত হচ্ছে।" পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তর বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ করা হবে।