
শেষ আপডেট: 11 November 2023 21:26
দ্য ওয়াল ব্যুরো: একেই ডেঙ্গি নিয়ে নাজেহাল। তার উপর গোদের উপর বিষফোঁড়ার মতো হানা দিয়েছে ম্যালেরিয়া। উৎসবের শহরে চিন্তা বাড়াল মশা বাহিত রোগ। সূত্রের খবর, ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭৭ বছরের এক বৃদ্ধার।
মেয়রের ওয়ার্ডে এই ঘটনা ঘটেছে ১০ নভেম্বর। জানা গেছে, ম্যালেরিয়া নিয়ে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন ৭৭ বছরের বৃদ্ধা মুন্নিদেবী গোয়েল। শুক্রবার সেখানেই তাঁর মৃত্যু হয়। প্রসঙ্গত, মুন্নিদেবী কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের ওয়ার্ডেরই বাসিন্দা ছিলেন তিনি।
সূত্রের খবর, গত ২ তারিখ সংক্রমণ নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। ১০ তারিখ তাঁর মৃত্যু হয়। ডেথ সার্টিফিকেটে মাল্টি অর্গান ফেলিওর ও ম্যালেরিয়া সংক্রমণের উল্লেখ রয়েছে।
ম্যালেরিয়া নিয়ে এর আগেও সতর্ক করেছেন গবেষকরা। বিজ্ঞানীরা বলছেন, ম্যালেরিয়ার মশা অ্যানোফিলিস চরিত্র বদল করছে। মশার স্বভাব বৈশিষ্ট্যেও অনেক বদল এসেছে। আগে দেখা যেত, অ্যানোফিলিস মশা নোংরা জলে ডিম পাড়ছে, কিন্তু এখন দেখা যাচ্ছে, এই মশা পরিষ্কার জলেও ডিম পাড়ছে। ঘরের ভেতরে, প্লাস্টিকের জিনিসে জমা জলেও বংশবিস্তার করছে মশা। ফলে মশার সংখ্যা যেমন বাড়ছে, তেমনই রোগও ছড়াচ্ছে দ্রুত। এমনিতেও আবহাওয়ার ভোলবদল হচ্ছে। এমন পরিবেশে ডেঙ্গি-বাহক এডিস মশার থেকে বেশি পরিমাণে জন্মাচ্ছে, ম্যালেরিয়ার বাহক অ্যানোফিলিস মশা। আগামী কয়েক মাসের মধ্যে ম্যালেরিয়া আক্রান্ত রোগীর সংখ্যাও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিজ্ঞানীরা।