
প্রতীকী ছবি
শেষ আপডেট: 9 April 2025 20:05
দ্য ওয়াল ব্যুরো: অন্ধকারের মাঝেও আশার আলো দেখাল এক কিশোরী ও তার পরিবার। কলকাতার সিএমআরআই (CMRI) হাসপাতালে ভর্তি হয়েছিল ১৫ বছরের ওই মেয়ে। গত ২৮ মার্চ দুপুর ২টায় ভর্তি হওয়ার পর, ৪ এপ্রিল তাঁকে ‘ব্রেন ডেড’ ঘোষণা করেন চিকিৎসকরা। এই কঠিন সময়ে দাঁড়িয়ে তাঁর পরিবার যে সিদ্ধান্ত নেয়, তা ছুঁয়ে যায় গোটা শহরের মন। তাঁরা মেয়েটির অঙ্গদান করার সিদ্ধান্ত নেন। তাঁদের এই সিদ্ধান্তে নতুন জীবন পেয়েছেন একাধিক রোগী।
দেশের আইনি নিয়ম মেনেই অঙ্গগুলি বিভিন্ন প্রাপকের মধ্যে সরাবরাহ করা হয়েছে। সিএমআরআই-তে মেয়েটিকে সম্মান জানানো হয় ‘গার্ড অব অনার’-এর মাধ্যমে। চিকিৎসক, নার্স এবং হাসপাতালের কর্মীরা চুপচাপ দাঁড়িয়ে সালাম জানান তাঁকে— শুধুমাত্র একজন ডোনার হিসেবে নয়, বরং একজন ‘নায়িকা’ হিসেবে।
সিএমআরআই হাসপাতালের ইউনিট হেড শ্রী সোমব্রত রায় বলেন, “এই কিশোরী আমাদের শিখিয়ে গেল মৃত্যুর মধ্যেও কেমনভাবে জীবনের আলো জ্বালিয়ে যেতে হয়। তাঁর পরিবার যে সাহসিকতার পরিচয় দিয়েছে, তা আমাদের হৃদয়ে চিরকাল থেকে যাবে।”
ভিন্নতা আর বিভাজনের পৃথিবীতে ভালবাসা ও সহানুভূতির এমন দৃষ্টান্তই মানুষকে নতুন করে ভাবায়। মেয়েটির এই উদার সিদ্ধান্ত আজ বহু মানুষের জীবনে নতুন সূচনা এনেছে। তাঁর এই অনন্য দান আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে— মানবিকতার কথা মনে করিয়ে দেবে।