প্রতীকী চিত্র
শেষ আপডেট: 23 November 2024 22:08
দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘদিন বন্ধ থাকলেও ফের কলকাতা থেকে লন্ডনে সরাসরি বিমান চালানোর ভাবনা রাজ্যের। আগামী সোমবার থেকে শুরু হচ্ছে বিধানসভার শীতকালীন অধিবেশন। সেখানেই রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এমন প্রস্তাব আনতে পারেন বলে খবর।
কলকাতা-লন্ডন বিমান আগে চলাচল করলেও দীর্ঘদিন ধরে তা বন্ধ। সেটা ফের চালু করার জন্য অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের কাছে দাবি জানাবে রাজ্য। তার আগে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউরোপ এবং আমেরিকার বিভিন্ন জায়গায় সরসরি বিমান চালুর বিষয়ে একটি প্রস্তাবের উপর আলোচনা হবে বলে খবর।
চন্দ্রিমা ভট্টাচার্য জানান, আন্তর্জাতিক তকমা রয়েছে কলকাতা বিমানবন্দরের। এই গৌরব যাতে বজায় থাকে সে কারণেই কলকাতা-লন্ডন এবং বিভিন্ন দেশের সঙ্গে সরাসরি বিমান যোগাযোগ স্থাপনের ভাবনা।
এছাড়াও ১০০ দিনের কাজ, আবাস যোজনা, গ্রাম সড়ক যোজনা-সহ কয়েকটি প্রকল্পে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে দীর্ঘদিন ধরে সরব রাজ্যের সরকার ও শাসক দল। প্রাপ্য আদায়ে কেন্দ্রের কাছে বারবার দাবি জানানো সত্ত্বেও দিল্লি তাতে কর্ণপাত করছে না বলেও অভিযোগ উঠেছে। রাজ্যের প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিষয়ে এবার প্রস্তাব আসছে বিধানসভায়। শীতকালীন অধিবেশনে তা নিয়ে আলোচনা হবে। মূলত কেন্দ্রের উপর আরও চাপ বাড়াতেই এই প্রস্তাব, এমনটাই মত রাজনৈতিক মহলের।
আগামী সোমবার থেকে বিধানসভার শীতকালীন অধিবেশন শুরু হলেও প্রথমদিন শোকপ্রস্তাব জ্ঞাপন করেই মুলতুবি হওয়ার কথা। বিমান চলাচলের পক্ষে প্রস্তাব নিয়ে ২৭ নভেম্বর আলোচনা হবে বলে খবর।
উল্লেখ্য, এর আগে, বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে লন্ডন সহ ইউরোপিয় ইউনিয়নের নানান দেশের সঙ্গে কলকাতার বিমানবন্দরের সরাসরি যোগাযোগর স্থাপনের পক্ষে সওয়াল করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে ১৫ বছর আগে কলকাতা থেকে লন্ডনের সরাসরি উড়ান চললেও পরে তা বন্ধ হয়ে যায়।