
শেষ আপডেট: 15 February 2021 08:53
কলকাতা পুলিশের বিশেষ টিম 'দ্য উইনার্স'। মহিলাদের এই টিম সাফল্যের সঙ্গে বারবার পাশে দাঁড়িয়েছেন শহরের মেয়েদের। এবার তাঁরায় প্রেমের দিন যাতে ভাল করে পালন করতে পারেন যুগলেরা, সেই দিকে কড়া নজর রাখলেন। ১৪ ফেব্রুয়ারি ইভ টিজারদের ধরে, যুগলদের সুরক্ষা দিলেন 'দ্য উইনার্স'।
আর সেই ছবিই সোশ্যাল মিডিয়া পোস্ট হতেই হয়ে যায় ভাইরাল। বাংলা এখনও উত্তর প্রদেশ হয়নি বলেও অনেকে কমেন্ট করেন। এখানে দিবালোকে ভালবাসার মানুষের হাত ধরে নিশ্চিন্তে হাঁটা যায় বলে অনেকেই প্রশংসাও করেছেন। তাই এক চুটকিতে বাজিমাৎ করে ভ্যালেন্টাইন্স ডে'র ম্যান অফ দ্য ম্যাচে র ট্রফি জিতে নেন কলকাতা পুলিশ।
আজ বাদে কাল আবার সরস্বতী পুজো, মানে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে আর সেই দিনেও যে পুলিশের এইরকম সহযোগিতাপূর্ণ মূর্তি দেখা যাবে তাই নিয়ে বিশেষভাবে আশাবাদী যুগলেরা। তবে সুরক্ষা দিতে, এবং নির্বিঘ্নে যুগলদের প্রেম করতে দেওয়ার পরিবেশ তৈরি করে দিচ্ছেন শহরের রিয়েল হিরোরা। ফাগুনের শুরুতেই বসন্তের জোয়ার নেমেছে শহরের বুকে, আর তাকেই স্বাগত জানাচ্ছেন কলকাতা পুলিশ।