
শেষ আপডেট: 23 August 2022 13:37
দ্য ওয়াল ব্যুরো: করোনা পর্বের পর শহরের বেসরকারি স্কুলগুলিতে পড়ুয়াদের ব্যক্তিগত গাড়ি ব্যবহার বেড়েছে। যেকারণে স্কুল খোলা ও বন্ধের সময় তীব্র যানজট হচ্ছে শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায়। নাজেহাল হচ্ছেন ট্রাফিক পুলিশও (Kolkata Police)। অন্যদিকে দুপুর পেরোতে না পেরোতেই শহরে উপচে পড়ছে পুজোর কেনাকাটার ভিড়। আগেভাগেই পুজোর বাজার সেরে রাখছেন শহরবাসী। অন্যদিকে সকালে ও দুপুরের পর স্কুলের জন্য যানজটে নাভিশ্বাস পরিস্থিতি হচ্ছে। যেকারণে ট্রাফিক পুলিশ সিদ্ধান্ত নিয়েছে স্কুলগুলির খোলা ও বন্ধের সময়ের (school timings) আলাদা করে আপডেট দেওয়া হবে।
রোজই নিয়ম করে শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলির ট্রাফিক আপডেট দেওয়া হয় কলকাতা ট্রাফিক পুলিশের তরফে। কিন্তু এতদিন স্কুলের সময় অনুযায়ী আলাদা করে কোনও আপডেট দেওয়া হত না। কিন্তু স্কুলগুলির জন্য যানজটের কথা মাথায় রেখে এবার স্কুল খোলা ও ছুটির সময় আলাদা করে আপডেট দেবে ট্রাফিক।
ট্রাফিক পুলিশের সামাজিক মাধ্যম পেজে কোন স্কুলের কখন ছুটি হল, কোন স্কুল খুলল, তার জেরে কোনও রাস্তার কী অবস্থা তা নিয়মিত পোস্ট করা হবে। ওই পেজ যারা ফলো করছেন, তাঁরা আগাম রাস্তার পরিস্থিতি বুঝতে পারবেন।
ট্রাফিক পুলিশ সূত্রে খবর, কলকাতায় স্কুল এবং কেনাকাটার জন্য সবথেকে বেশি যানজট হচ্ছে—পার্ক স্ট্রিট, শরৎ বোস রোড, এসএন ব্যানার্জি রোড এবং বালিগঞ্জে। রাস্তার পাশে গাড়ি এবং স্কুল বাস দাঁড় করিয়ে রাখার জন্য ট্রাফিকে সমস্যা হচ্ছে (Traffic congestion)। গাড়ির লম্বা লাইন দাঁড়িয়ে থাকছে ২০ থেকে ২৫ মিনিট। ট্রাফিক সূত্রে খবর, বহু স্কুলের ভেতরে পর্যাপ্ত জায়গা থাকা সত্ত্বেও অভিভাবকদের গাড়ি নিয়ে ঢোকার অনুমতি দেওয়া হয় না। যেকারণে ট্র্যাফিকে সমস্যা বাড়ে। পুজোর মরসুমে যা আরও তীব্র হচ্ছে।
স্কুলগুলিকে ট্রাফিক পুলিশের তরফে আবেদন করা হয়েছে, স্কুল খোলা ও বন্ধ যেন একটা নির্দিষ্ট সময়ের মধ্যে করা হয়। স্কুলগুলি এখনও পুলিশের আবেদনে সাড়া দেয়নি বলে ট্রাফিক সূত্রে জানা গেছে।
দেশভাগের অভিজ্ঞতা নিয়ে ভার্চুয়াল ‘কলকাতা পার্টিশান মিউজিয়াম’, উদ্বোধন আসন্ন