
শেষ আপডেট: 12 September 2023 15:37
দ্য ওয়াল ব্যুরো: বড় প্রযোজনা সংস্থার ব্যানারে সিরিয়ালে অভিনয়ের প্রলোভন দেখিয়ে ২১ বছরের এক তরুণীকে কলকাতার একটি হোটেলে আটকে রাখার অভিযোগে দু’জনকে গ্রেফতার করল পুলিশ (Kolkata Police)। ঘটনার নেপথ্যে কোনও নারী পাচার চক্র (Women trafficking ring) রয়েছে কী না খতিয়ে দেখছেন তদন্তকারী পুলিশ কর্তারা।
জানা গিয়েছে, মঙ্গলবার ১০০ ডায়ালে লালবাজার কন্ট্রোল রুমের কাছে সাহায্য চেয়ে ওই তরুণী ফোন করেন। লোকেশন দেখে পুলিশ যোগাযোগ করে ঠাকুরপুকুর থানার সঙ্গে। সেখানকার পুলিশ কর্তারা মহিলা পুলিশ সঙ্গে নিয়ে তৎক্ষণাৎ সংশ্লিষ্ট হোটেলের একটি রুম থেকে রিজেন্ট পার্কের ওই তরুণীকে উদ্ধার করেন। হোটেলের একটি ঘর থেকে উদ্ধার করা হয় ওই তরুণীকে।
তরুণীকে জোর করে আটকে রাখার ঘটনায় পুলিশ ভাস্কর মণ্ডল এবং সুদীপ মণ্ডল নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৪১৯, ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১, ৩৫৪, ৩৪২, ৫০৯ এবং ১২০/বি, ৩৫৪ এ ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
পুলিশকে ওই তরুণী জানিয়েছেন, ফেসবুকে আপলোড করা ভুয়ো প্রোফাইলের মাধ্যমে টিভি সিরিয়াল বা সিনেমায় কাস্ট করার জন্য প্রলোভন দেখিয়েছিল অভিযুক্তরা। বড় প্রোডাকশন হাউজের ব্যানারে এবং নিজেদের প্রোডাকশনের পরিচালনায় টিভি সিরিয়ালে অভিনয়ের সুযোগ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ঠাকুরপুকুরের একটি হোটেলে তাঁকে ডাকে। সেখানে পৌঁছনোর পর থেকেই তাঁকে আটকে রাখা হয়েছিল বলে অভিযোগ। ঘটনার নেপথ্যে কারা রয়েছে, খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
আরও পড়ুন: সন্ধিপুজো কখন, কখনই বা হবে কুমারী পুজো, দুর্গাপুজোর নির্ঘণ্ট প্রকাশ করল বেলুড় মঠ