
শেষ আপডেট: 28 December 2023 16:28
দ্য ওয়াল ব্যুরো: পুলিশে চাকরি পেতে গেলে শারীরিকভাবে 'ফিট' হওয়া বাধ্যতামূলক। চাকরি পাওয়ার পর প্রশিক্ষণের সময়ও তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে শুরুতে সেদিকে নজর দিলেও চাকরি জীবনের 'নতুনত্ব' ঘুচে যাওয়ার পর অনেকেই আর সেদিকে মন দেন না। ফলে কার্যক্ষেত্রে এমন বহু পুলিশকর্মীর দেখা মেলে যাঁরা ফিটনেস পরীক্ষায় ডাহা ফেল করবেন। কিন্তু সেদিক থেকে একেবারে আলাদা কলকাতা পুলিশের ৬ নম্বর ব্যাটেলিয়নের এক কনস্টেবল। শুধুমাত্র চাকরির প্রয়োজনে নয়, শরীরচর্চা তাঁর কাছে নেশার মতো। সেই তাগিদেই অংশ নিয়েছিলেন মিস্টার ইন্ডিয়া ফিট কপ চ্যালেঞ্জ প্রতিযোগিতায়। তার দুটি বিভাগে জয়ী হয়েছেন ভুট্টো খান নামে ওই কনস্টেবল।
কলকাতা পুলিশের তরফ থেকে তাঁদের ফেসবুক পেজে এই সুখবর শেয়ার করা হয়েছে। সেই সূত্রেই জানা গেছে, ভুট্টো খান ২০০৬ সালের ১৯ জুলাই কলকাতা পুলিশে যোগদান করেছিলেন। বরাবরই তিনি শরীরচর্চায় অত্যন্ত আগ্রহী। পুলিশে চাকরি করার পাশাপাশি তাঁর ধ্যানজ্ঞান ছিল জিমে যাওয়া, ওয়েট ট্রেনিং করা। সম্প্রতি তিনি অংশ নিয়েছিলেন 'মিস্টার ইন্ডিয়া ন্যাচারাল ২০২৩' প্রতিযোগিতায়।
গত ২১ ও ২২ ডিসেম্বর বীরভূমের বোলপুরের উৎসর্গ মঞ্চে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। সেখানেই ফিট কপ চ্যালেঞ্জের 'মেন্স ফিজিক' এবং 'ফিট কপ চ্যালেঞ্জ- বডি বিল্ডিং' এই দুই বিভাগে বিজয়ী হয়েছেন ভুট্টো। কলকাতা পুলিশের ফেসবুক পেজে সেই প্রতিযোগিতায় ভুট্টোর বেশ কয়েকটি ছবি এবং বিজয়ী হওয়ার পর পাওয়া শংসাপত্রের ছবি শেয়ার করা হয়েছে। সেখানে বিজয়ীর ট্রফি হাতে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে ওই পুলিশ কনস্টেবলকে। পুলিশের পক্ষ থেকে তাঁকে শুভেচ্ছা জানানো হয়েছে।
এমনিতে সমাজ মাধ্যমের পাতায় কলকাতা পুলিশ বেশ সক্রিয়। শহরের আনাচে কানাচে পুলিশি কার্যকলাপের হাল হকিকত ফেসবুক পেজে শেয়ার করা হয় মাঝেমধ্যেই। তাতে থাকে পুলিশের নানা সাফল্যের কাহিনী। স্বভাবতই সেই পেজ সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়। সেখানে ট্টোর এমন অভাবনীয় সাফল্যের এই পোস্ট দেখে খুশি নেটিজেনরা। ওই পুলিশকর্মীকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন তাঁরা।