
সাংবাদিক বৈঠকে 'যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ'।
শেষ আপডেট: 9 April 2025 21:04
দ্য ওয়াল ব্যুরো: বুধবার কলকাতা থেকে জেলা, চাকরিহারা শিক্ষকদের আন্দোলনে পুলিশি লাঠিচার্জের অভিযোগ উঠেছে। তবে 'যেটা দেখানো হচ্ছে, তার সবটা ঠিক নয়' বলে দাবি করেছিলেন পুলিশের কর্তারা
সাংবাদিক বৈঠক থেকে কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা বলেছিলেন, লাঠি চার্জ অনভিপ্রেত, তবে পুরো ফুটেজ দেখা দরকার। একতরফা কোনও ছবি দেখে পরিস্থিতি নিয়ে সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। সিপির দাবি ছিল, 'আমাদের ছ'জন আহত হয়েছেন। একজনের আঘাত গুরুতর। পুলিশ যখন আক্রান্ত হয়েছে, তখনই পুলিশ বাধ্য হয়ে কিছু পদক্ষেপ করেছে।'
কিছুপরেই পাল্টা সাংবাদিক বৈঠক থেকে কলকাতার পুলিশ কমিশনারের অভিযোগ উড়িয়ে পুলিশের বিরুদ্ধে সোশ্যাল মাধ্যমে ফেক ভিডিও পোস্ট করার বড় অভিযোগ এনেছে 'যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ'।
এদিন সন্ধেয় এক সাংবাদিক বৈঠক থেকে মঞ্চের তরফে দাবি করা হয়েছে, "কলকাতা পুলিশের ওয়েবসাইটে যে ভিডিও পোস্ট করা হয়েছে, সেটা আজকের নয়। অন্যদিনের। ইচ্ছাকৃতভাবে বিকৃত করে আজকের দিনের ঘটনার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। আজকে এমন কোন ঘটনা ঘটেনি।"
আন্দোলনকারীদের দাবি, " ওয়েবসাইটে দেওয়া ভিডিও ভাল করে দেখলে বোঝা যাবে পুলিশ পরিকল্পনা মাফিক আমাদের বিরুদ্ধে চক্রান্ত করার জন্য এই ধরনের ভিডিও ওয়েবসাইটে দিয়েছে।" তাঁদের অভিযোগ, লাঠিপেটার পরও পুলিশ ক্ষান্ত হয়নি। এখন মিথ্যে কুৎসা করতে নেমে পড়েছে।
এ ব্যাপারে কলকাতা পুলিশের কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি। প্রতিক্রিয়া এলে প্রতিবেদনে আপডেট করে দেওয়া হবে।
ঠিক কী ঘটেছিল এদিন?
গত সপ্তাহে সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যে প্রায় ২৬ হাজার চাকরি বাতিল হওয়ার পরে সোমবার নেতাজি ইনডোরে চাকরিহারাদের সভায় যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে তাঁদের পাশে থাকার বার্তা দিয়েছিলেন তিনি। কিন্তু চাকরিহারাদের একটা বড় অংশ সেই আশ্বাসে ভরসা করতে পারেননি। ফলে বাড়তে থাকে বিক্ষোভ।
যোগ্যদের তালিকা প্রকাশ করা এবং অযোগ্যদের বাদ দেওয়ার দাবিতে এদিন কলকাতা থেকে জেলা, ডিআই অফিস ঘেরাও অভিযানে নেমেছিলেন মঞ্চের সদস্যরা। চাকরিহারাদের অভিযোগ, শান্তিপূর্ণ বিক্ষোভে পুলিশ লাঠিচার্জ করেছে।
পাল্টা হিসেবে সাংবাদিক বৈঠক থেকে সিপি দাবি করেন , 'পুরো ফুটেজ আমরা দেখছি। লাথি মারার যে ছবি দেখানো হচ্ছে, সেটা একটা অংশ। পুরোটা নয়। যে ছবি দেখানো হচ্ছে সেটা অবশ্যই কাম্য নয়, তবে পুলিশ এমন অ্যাকশন কেন নিল, সেটাও দেখতে হবে। যে পুলিশকর্তারা ফিল্ডে রয়েছেন, আমরা তাঁদের কাছে রিপোর্ট চেয়েছি। তবে আবারও বলছি, যে ছবি দেখা গিয়েছে সেটা কোনওমতেই কাম্য নয়।'
শুধু তাই নয়, সিপি আরও বলেন, 'যদি এই ধরনের বিক্ষোভ-প্রতিবাদের কথা স্থানীয় পুলিশকে আগে থেকে জানানো হয়, তাহলে পুলিশ নিশ্চয় সহযোগিতা করবে। কসবার ক্ষেত্রে পুলিশের কাছে আগে থেকে কোনও তথ্য ছিল না।'
দেখুন কলকাতা পুলিশের পোস্ট করা ভিডিও।
It is clarified that outside the Kasba DI Office, an unruly mob launched an unprovoked and violent attack on police personnel, including women police. Four male and two female police personnel sustained injuries and are currently undergoing treatment. Police were compelled to use… pic.twitter.com/AC67ylqk9j
— Kolkata Police (@KolkataPolice) April 9, 2025
আজ সকালে খবর আসে, কসবা ডিআই অফিসের সামনে চাকরিহারা, বিক্ষোভকারী শিক্ষকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়েছে। এর পরে লাঠিচার্জও করে পুলিশ। অসুস্থ হয়ে পড়েন একাধিক শিক্ষক। কসবার পাশাপাশি বর্ধমান, দুর্গাপুর, বারাসতেও চাকরিহারাদের আন্দোলনে পুলিশি হামলার অভিযোগ উঠেছে।
এই নিয়ে বুধবার দিনভর নিন্দার ঝড় ঘনিয়েছে নানা মহলে। দুপুর ১:২০ নাগাদ রাজ্যের এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিম রাজ্যের সমস্ত এসপি-কে নির্দেশ দেন, রাজ্যের যে সমস্ত ডিআই অফিসের সামনে চাকরিহারা শিক্ষকরা গিয়ে আন্দোলন করছেন, বিক্ষোভ দেখাচ্ছেন, তাঁদের গায়ে কোনওরকম হাত তোলা যাবে না। শান্তির পথে এবং আলোচনার মাধ্যমেই বিষয়টি সামাল দিতে হবে।
এবার সোশ্যাল মাধ্যমে পুলিশের পোস্ট ঘিরে বড় অভিযোগ আনলেন চাকরিহারারা। আগামীকাল শহরে মহামিছিলের ডাকও দিয়েছেন তাঁরা। শুক্রবার এসএসসি ভবন ঘেরাওয়ের কর্মসূচিও ঘোষণা করেছেন তাঁরা। ফলে আন্দোলনের গতিপথ নিয়ে উত্তেজনা ক্রমেই বাড়ছে।