
ফাইল চিত্র
শেষ আপডেট: 21 November 2025 21:56
দ্য ওয়াল ব্যুরো: প্রথম বর্ষের এক ছাত্রীকে শ্লীলতাহানি ও শারীরিক হেনস্থার অভিযোগে অবশেষে পদত্যাগ করলেন কলকাতা মেডিক্যাল কলেজের অ্যানাটমি বিভাগের প্রধান। অধ্যাপককে অপসারণের দাবিতে ডাক্তারি পড়ুয়ারা জোরদার বিক্ষোভ শুরু করার পরই এই পদক্ষেপ নেওয়া হয়।
শুক্রবার বেলা বারোটা থেকে মেডিক্যাল কলেজের স্টুডেন্টস ইউনিয়নের সদস্যরা অধ্যক্ষের ঘরের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পড়ুয়ারা অধ্যক্ষের কাছে এই বিষয়ে লিখিতভাবে অভিযোগও জানান। তাঁদের আন্দোলনের চাপে শেষমেশ অ্যানাটমি বিভাগের প্রধান পদত্যাগ করতে বাধ্য হন।
কলেজের অধ্যক্ষের দফতর থেকে জানানো হয়েছে যে, অ্যানাটমি বিভাগের নতুন HOD (হেড অফ ডিপার্টমেন্ট) হিসাবে মৈত্রেয়ী মণ্ডলকে দায়িত্বভার দেওয়া হয়েছে।
এছাড়াও, ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য ৭ সদস্যের একটি কমিটি তৈরি করা হয়েছে। এই কমিটিকে ১০ দিনের মধ্যে অধ্যক্ষের কাছে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। অধ্যক্ষ জানিয়েছেন, "রিপোর্ট পেলে আমি স্বাস্থ্য দপ্তরে পাঠাবো। রিপোর্ট অনুযায়ী তারাই প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।"
বিক্ষোভকারী এক ছাত্র বলেন, তাঁদের দাবি আংশিকভাবে পূরণ হয়েছে ঠিকই, তবে এই অধ্যাপকের বিরুদ্ধে গত চার বছর ধরে তাঁরা লিখিত অভিযোগ জানালেও এতদিন কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। ছাত্রদের আন্দোলনের জেরেই প্রশাসন এখন ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে।
এমএসভিপি অঞ্জন অধিকারী এই বিষয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, "বিষয়টা সংবেদনশীল, বিশেষ করে মেডিক্যাল কলেজের মতো পরিবেশে। আমাদেরও ভালোভাবে কথা বলার মানসিকতা নেই। প্রশাসন সমস্যা সমাধানের চেষ্টা করেছে। পঠন-পাঠনের জায়গায় এমন ঘটনা দুঃখজনক। হেড স্যার (বিভাগীয় প্রধান) ইস্তফা দিয়েছেন।"