
শেষ আপডেট: 12 April 2022 11:30
দ্য ওয়াল ব্যুরো: বাবুঘাটে থাকবে না আর বাস টার্মিনাস (Kolkata Bus)! সেই বাস টার্মিনাস উঠে যাবে সাঁতরাগাছিতে। হাতে সময় মাত্র দু'সপ্তাহ। এই মর্মেই রাজ্যের পরিবহন দফতর চিঠি দিয়ে জানিয়ে দিল বেসরকারি বাস ও মিনিবাস মালিকদের।
আগেই স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে সোমবার বিজ্ঞপ্তি জারি করে নির্দেশ দিয়ে সময়সীমা বেঁধে দিল। কিন্তু কেন?
মূলত যানজট এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শহরের যানজট, দূষণ ইত্যাদি নিয়ে হাইকোর্টে একাধিক মামলা হয়েছিল। সেই মামলার পরিপ্রেক্ষিতেই আদালত, বাবুঘাট থেকে বাসস্ট্যান্ড সরানোর নির্দেশ দিয়েছিল। সেইমতই সাঁতরাগাছিতে নতুন বাসস্ট্যান্ড তৈরির কাজ শুরু হয়।
জানা গেছে, সাঁতরাগাছিতে বাসস্ট্যান্ড তৈরির কাজ শেষ। তাই এবার বাবুঘাট থেকে এই বাস টার্মিনাস সরানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হল।
বাবুঘাটে সাধারণত আন্তঃরাজ্য দূরপাল্লার বাসগুলি থাকে। ১০০টিরও বেশি বাস ছাড়ে বাবুঘাট থেকে।
এদিকে এত পরিমাণে বাসের কারণে সেখানে বিপুল যানজট তৈরি হয় বলে দীর্ঘদিন অভিযোগ তুলছেন আমজনতা। পরিবেশ দূষণের দিকটাও আছে।
ভিক্টোরিয়া মেমোরিয়াল সংক্রান্ত এক মামলায় এই বাবুঘাট বাস টার্মিনাসের ভিড়, ধোঁয়াকে কাঠগড়ায় তুলেছিল।
কিন্তু এই বাস টার্মিনাস সরানোর সিদ্ধান্ত মানতে নারাজ বাস কর্মীরা। এই সিদ্ধান্তের কারণে তাঁদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
তাঁদের বক্তব্য, বাস টার্মিসের সঙ্গে যুক্ত অসংখ্য মানুষের জীবন জীবিকা। এই বাস টার্মিনাস সরানোর হলে তাঁদের জীবন-জীবিকা সঙ্কটের মুখে পড়বে।
'মিথ্যে বলছেন মুখ্যমন্ত্রী', ক্ষুব্ধ হাঁসখালির নির্যাতিতার মা-বাবা