দ্য ওয়াল ব্যুরো: দিন চারেক ধরে খোঁজ মিলছিল না পাঁচ বছরের শিশুটির। শনিবার একটি কুয়ো থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হল তার! নৃশংস এই ঘটনাটি ঘটেছে গুজরাটের রাজকোটে।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, মঙ্গলবার রাত থেকে হঠাৎই খোঁজ মিলছিল না রাজকোটের থোরিয়ালি গ্রামের বাসিন্দা প্রিন্স নাকিয়ার। পরিবারের তরফে জানা গিয়েছে, দাদুর সঙ্গে মন্দিরে গিয়েছিল বাচ্চাটি। মন্দিরের একটি অনুষ্ঠান দেখছিলেন দাদু, মন্দির চত্বরে খেলা করছিল পাঁচ বছরের নাতি।
অনুষ্ঠান শেষে দাদু দেখেন, ছেলেটি নেই। কাছেই একটি দোকানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ ভাল করে খতিয়ে দেখেছে পুলিশ। দেখা গেছে, অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তির সঙ্গে হেঁটে হেঁটে চলে যাচ্ছে ছেলেটি। কারা, কেন ভুলিয়ে নিয়ে গেল তাকে, তা এখনও স্পষ্ট নয় তদন্তে।
মঙ্গলবার থেকেই খোঁজ চালাচ্ছিল পুলিশ কোনও সূত্র মেলেনি। অবশেষে শনিবার তার নিজেরই গ্রামের কুয়ো থেকে উদ্ধার হল তার ঝুলন্ত দেহ! পুলিশ জানিয়েছে, দেহ ময়না-তদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে তবেই জানা যাবে মৃত্যুর সঠিক কারণ।