দ্য ওয়াল ব্যুরো: একে ধর্মঘট বলে না। আপনি কারও বাড়ি বা অফিসের মধ্যে ঢুকে ধর্মঘটে বসতে পারেন না। লেফটেন্যান্ট জেনারেল অনিল বাইজালের অফিসে ধরনায় বসার জন্য দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে এই ভাষায় তিরস্কার করল দিল্লি হাইকোর্ট।
এক সপ্তাহের বেশি সময় ধরে লেফটেন্যান্ট জেনারেলের অফিসে ধরনায় বসে আছেন কেজরিওয়াল ও তাঁর তিন গুরুত্বপূর্ণ মন্ত্রী। তাঁদের মধ্যে দুজন মনীশ শিশোদিয়া ও সত্যেন্দ্র জৈন অনশনও করছেন। সত্যেন্দ্র জৈনকে রবিবার রাতে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।
কেজরিওয়ালের অভিযোগ, অনিল বাইজাল কেন্দ্রে বিজেপি সরকারের হয়ে কাজ করছেন। তাঁর মদতে আইএস অফিসাররা দিল্লি সরকারের বিরুদ্ধে ধর্মঘট চালিয়ে যাচ্ছেন। ফলে দিল্লির উন্নয়নমূলক কাজ থমকে গিয়েছে। লেফটেন্যান্ট জেনারেল যেন অবিলম্বে আমলাদের কাজে ফিরতে বলেন।
গত শনিবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ও আরও কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রী লেফটেন্যান্ট জেনারেলের ভিজিটিং রুমে ঢুকে কেজরিওয়ালের সঙ্গে দেখা করতে চেষ্টা করেন। কিন্তু তাঁদের সেখানে ঢুকতে দেওয়া হয়নি। পরে তাঁরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনুরোধ করেন, এই সংকটের সমাধানে হস্তক্ষেপ করুন।
সোমবার সকালে দিল্লি হাইকোর্টে কেজরিওয়ালকে চ্যালেঞ্জ করেন বিজেপি নেতা বিজেন্দ্র গুপ্ত। তখনই বিচারপতি কেজরিওয়ালকে তিরস্কার করেন।