গার্ডরুম, ইউনিয়ন রুম ও শৌচালয় রয়েছে বিশেষ নজরে।
.jpg.webp)
ফাইল ছবি
শেষ আপডেট: 4 July 2025 11:29
দ্য ওয়াল ব্যুরো: কসবা ল’ কলেজে গণধর্ষণের ঘটনাস্থলের থ্রি ডি ম্যাপিং করছেন তদন্তকারীরা। গার্ডরুম, ইউনিয়ন রুম ও শৌচালয় রয়েছে বিশেষ নজরে। কলেজবাড়ির ক্রাইম সিনের গোটাটাই কভার করা হবে ওই মডেলে। এই মডেল আদালতেও পেশ করা যাবে বলে জানাচ্ছে পুলিশ।
কীভাবে সাহায্য করবে এই থ্রি ডি মডেল?
যেহেতু ধর্ষণের মতো ঘটনায় পারিপার্শ্বিক তথ্যপ্রমাণের ওপর অনেকটাই নির্ভর করতে হয় তদন্তকারীদের, তাই ঘটনার পুনর্নির্মাণের সঙ্গে এই থ্রি ডি মডেল বিশেষ সাহায্য করবে। এই মডেলে ধরা পড়বে ঘটনাস্থলের ৩৬০ ডিগ্রি অবস্থান। কোন জায়গা একটি বিশেষ জায়গা থেকে কতটা দূরে, তাও পুঙ্খানুপুঙ্খ জানা যাবে।
সিসিটিভি ফুটেজের পাশাপাশি ওই মডেলও খতিয়ে দেখা হবে তদন্তের সময়। তাতে তথ্যপ্রমাণ আরও জোরালো হবে। আদালতে পেশ করাও হবে এই মডেল।
শুক্রবার ভোর ৪টে নাগাদ কসবা কলেজে ঘটনার পুনর্নির্মাণ শুরু হয়। কড়া পাহারায় গার্ডরুম ও ইউনিয়নরুমে নিয়ে যাওয়া হয়েছে মনোজিৎ-সহ আরও দুই অভিযুক্তকে।ওইদিন যে নিরাপত্তারক্ষী কলেজের নিরাপত্তার দায়িত্বে ছিলেন, পিনাকী বন্দ্যোপাধ্যায়, রয়েছেন তিনিও। ২৫ জুন কোথায় কীভাবে চলেছে যৌন নির্যাতন তা জানতেই এই পদক্ষেপ পুলিশের।
চার ঘণ্টারও বেশি সময় ধরে চলছে পুনর্নির্মাণের কাজ। তারপরেই থ্রি ডি মডেল তৈরি করা হচ্ছে।
প্রসঙ্গত, এক সপ্তাহ আগেই নির্যাতিতাকে ঘটনাস্থলে আনা হয়েছিল। এবার অভিযোগকারিণীর দেওয়া তথ্য ও ঘটনাক্রম মিলিয়ে দেখতে ঘটনাস্থল খতিয়ে দেখছেন তদন্তকারীরা। দেখা হচ্ছে সেদিনের সিসিটিভি ফুটেজও।
এদিকে নিরাপত্তারক্ষীকে আজই আদালতে পেশ করা হবে।
৮টা ২১ নাগাদ শেষ হয় পুনর্নির্মাণ। তারপর আবারও পুলিশি ঘেরাটোপে অভিযুক্তদের নিয়ে বেরিয়ে যান তদন্তকারীরা।
রাজ্যজুড়ে এই ঘটনায় ছাত্র রাজনীতি, কলেজ প্রশাসন এবং ক্যাম্পাস নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন। এর মধ্যেই হাইকোর্ট জানিয়ে দিয়েছে, কসবা আইনি কলেজে (Kasba Case) ছাত্রী ধর্ষণের ঘটনায় ধৃতদের ছবি প্রকাশ করা যাবে।
গত ২৫ জুন কসবা আইন কলেজ চত্বরে আইনের এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা রাজ্যে। অভিযোগ, কলেজের মূল ফটক আটকে, সিকিউরিটি গার্ডের ঘরে নিয়ে গিয়ে ওই ছাত্রীকে হকি স্টিকে মারধর করা হয়। পরে দফায় দফায় ধর্ষণ করা হয়।