
শেষ আপডেট: 1 February 2024 16:10
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: শিশির অধিকারীরকে গুরু বলে প্রণাম করায় পুরপ্রধানের পদ খুইয়ে ছিলেন সুবল মান্না। তাঁর জায়গায় কাঁথি পুরসভার নতুন চেয়ারম্যান হলেন অখিল পুত্র সুপ্রকাশ গিরি।
এর আগে ওই পদে ছিলেন সুবল মান্না। সম্প্রতি শিশির অধিকারীকে প্রণাম ও দল বিরোধী বক্তৃতা দেওয়ায় তৃণমূলের রোষের মুখে পড়েন। এরপরেই তাঁর বিরুদ্ধে নানা অভিযোগ উঠতে থাকে। পুরসভার কাউন্সিলরদের অভিযোগ, তাঁর জন্য উন্নয়নমূলক কাজ হচ্ছিল না। বাকি কাউন্সিলরদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ করছিলেন না সুবলবাবু।
তাই পুরপ্রধানের পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়ার জন্য জল্পনা চলতে থাকে। দলের তরফে পুরসভায় হুইপ জারি করা হয়েছিল। কিন্তু সেই হুইপও অমান্য করছিলেন সুবল মান্না এমনও অভিযোগ ওঠে। তারপরেই সুবল মান্নার বিরুদ্ধে অনাস্থা এনে তাঁকে সরানো হয়।
বৃহস্পতিবার দলীয় নির্দেশে সুপ্রকাশ গিরিকে পুরপ্রধান করা হয়। তাঁর সঙ্গে ভাইস চেয়ারম্যান হিসেবে নিরঞ্জন মান্নাকে নিযুক্ত করা হল।
এদিন বোর্ড মিটিংয়ে সব কাউন্সিলরকে আমন্ত্রণ জানানো হলেও বিজেপির তিন কাউন্সিলর ও প্রাক্তন পুরপ্রধান সুবল মান্না উপস্থিত ছিলেন না। অপরদিকে পুরকর্মীদের একাংশ প্রাক্তন পুরপ্রধান সুবল মান্নার বিরুদ্ধে অশ্লীল মন্তব্য করে ক্ষোভ উগরে দেন। এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন কারামন্ত্রী অখিল গিরি, সভাধিপতি উত্তম বারিক, মহকুমা শাসক সৌভিক ভট্টাচার্য্য সহ একাধিক নেতারা।
পুরপ্রধান হয়ে সুপ্রকাশ গিরি জানিয়েছেন, এলাকায় উন্নয়নমূলক কাজ যাতে ভালভাবে হয় সেদিকে তাঁর নজর থাকবে। মানুষ যাতে পরিষেবা পায় তাও তিনি দেখবেন। সুবল মান্না প্রসঙ্গে তিনি বলেন, সুবলবাবু দল বিরোধী কাজ করেছেন। তাঁকে পুরপ্রধানের পদ থেকে সরানো হলেও কাউন্সিলর হিসাবে বহাল থাকবেন।
মন্ত্রী অখিল গিরি বলেন, ''শিশির অধিকারীর পায়ে হাত দিয়ে প্রণাম করার জন্য সুবল মান্নাকে অপসারণ করা হয়নি। তবে তিনি ওই দিন মঞ্চে দাঁড়িয়ে যে কথা বলেছে তা সম্পূর্ণ দল বিরোধী কাজ।''