.webp)
কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কা
শেষ আপডেট: 17 June 2024 11:01
দ্য ওয়াল ব্যুরো: উত্তরবঙ্গে রেল দুর্ঘটনা। সোমবার সকাল পৌনে ৯টা নাগাদ শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে পিছন থেকে ধাক্কা মারে মালগাড়ি। নিউ জলপাইগুড়ি স্টেশনের আগে রাঙাপানিতে ঘটে দুর্ঘটনা। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনের দুটি কামরা লাইনচ্যুত হয়েছে। এখনও পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। আহত হয়েছেন বহু যাত্রী। চলছে উদ্ধারকাজ।
স্থানীয় সূত্রের খবর, এদিন শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি স্টেশন ছেড়ে রাঙাপানিতে পৌঁছতেই পিছন দিক থেকে ধাক্কা মারে একটি মালগাড়ি। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটো বগি লাইনচ্যুত হয়ে ছিটকে উল্টে যায়। দুমড়ে মুচড়ে যায় এক্সপ্রেসের কামরা। বিকট আওয়াজ শুনতে পেয়ে ছুটে আসেন স্থানীয়রা। প্রাথমিকভাবে এলাকাবাসীরাই উদ্ধারকাজে হাত লাগান।
কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনের দুটি কামরা লাইনচ্যুত হয়েছে।#TheWallBangla #TrainAccident #WestBengal pic.twitter.com/Ur4RH4EmFX
— The Wall (@TheWallTweets) June 17, 2024
কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডলে এপ্রসঙ্গে পোস্ট করে তিনি লিখেছেন, ‘‘ দার্জিলিঙের ফাঁসিদেওয়া এলাকায় ট্রেন দুর্ঘটনার খবর পেলাম। এখনও বিস্তারিত জানতে পারিনি। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ি ধাক্কা মেরেছে শুনেছি। ইতিমধ্যে ঘটনাস্থলে জেলাশাসক, এসপি, চিকিৎসক এবং অ্যাম্বুল্যান্স পৌঁছেছে। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চলছে।’’
Shocked to learn, just now, about a tragic train accident, in Phansidewa area of Darjeeling district. While details are awaited, Kanchenjunga Express has reportedly been hit by a goods train. DM, SP, doctors, ambulances and disaster teams have been rushed to the site for rescue,…
— Mamata Banerjee (@MamataOfficial) June 17, 2024
শিলিগুড়িতে সকাল থেকে মুষলধারে বৃষ্টি চলছে। তারই মাঝে এই দুর্ঘটনার উদ্ধারকাজে বেগ পেতে হচ্ছে। উত্তরবঙ্গে যাওয়ার জন্য প্রতিদিন বহু মানুষ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে যাতাযাত করেন। স্বাভাবিকভাবেই এই ট্রেন দুর্ঘটনায় সমস্যায় পড়েছেন বহু যাত্রী। আপাতত ওই লাইনে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। উত্তরবঙ্গের সঙ্গে রেলপথে যোগাযোগে বিঘ্ন ঘটার আশঙ্কা করা হচ্ছে।
কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কা, লাইনচ্যুত দুটি কামরা, মৃত ৫, আহত বহু যাত্রী#TheWallBangla #TrainAccident #WestBengal pic.twitter.com/Hl8sKwYyF6
— The Wall (@TheWallTweets) June 17, 2024
রেল সূত্রের খবর, ডাউন ট্রেনটি শিয়ালদহের দিকে আসার সময় এনজেপি স্টেশন ছেড়ে রাঙাপানির কাছে সিগন্যাল না পেয়ে দাঁড়িয়ে ছিল৷ তখনই পিছন থেকে ধাক্কা মারে মালগাড়ি। ট্রেনের ভিতরে কোনও যাত্রী আটকে আছেন কি না, তা স্পষ্ট নয়৷ আতঙ্কে অন্যান্য কামরার যাত্রীরাও রেল লাইনের উপরে নেমে পড়েন৷
শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি স্টেশন ছেড়ে রাঙাপানিতে পৌঁছতেই পিছন দিক থেকে ধাক্কা মারে একটি মালগাড়ি।#TheWallBangla #TrainAccident #WestBengal pic.twitter.com/WvUVDjino9
— The Wall (@TheWallTweets) June 17, 2024
ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের আধিকারিকরা, আরপিএফ, জিআরপিএফ কর্মীরা। সিগনালিং সিস্টেমের গাফিলতি নাকি দুর্ঘটনার পিছনে রয়েছে অন্য কোন কারণ, তদন্তে নেমেছে রেল।