কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারীরা মাঠপর্যায়ের রিপোর্টিং, সাক্ষাৎকার গ্রহণ, সংবাদ সম্পাদনা, ফটো-জার্নালিজম ও অনলাইন নিউজ প্রোডাকশনের মতো নানা বিষয়ে হাতে-কলমে শিখছেন।

শেষ আপডেট: 10 August 2025 16:22
দ্য ওয়াল ব্যুরো: কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা কোর্সের অংশ হিসাবে হাতে-কলমে শিক্ষার কর্মশালা শুরু হয়েছে। চলবে ১৭ অগাস্ট পর্যন্ত।
বিশ্ববিদ্যালয়ের তরফে বলা হয়েছে, আজকের দিনে সাংবাদিকতা শুধু খবর পরিবেশনের মাধ্যম নয়—এটি তরুণদের জন্য এক সম্ভাবনাময় কর্মক্ষেত্রও। সেই সুযোগের দ্বার খুলে দিতে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের উদ্যোগে চলছে দশ দিনের সাংবাদিকতা কর্মশালা। বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক অধ্যাপক দেবাংশু রায় উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, 'সাম্প্রতিক অবস্থাকে মাথায় রেখে সাংবাদিককে হতে হবে সৎ ও নিরপেক্ষ। পাশাপাশি তথ্যের উপর জোর দিতে হবে। যথাযথভাবে যাতে সংবাদটি যাতে পরিবেশিত হয় সেদিকেও নজর দিতে হবে সাংবাদিককে।'
ডিজিটাল যুগে সংবাদ শুধু কাগজ বা টিভির গণ্ডিতে সীমাবদ্ধ নেই—এটি সামাজিক যোগাযোগ-মাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে মুহূর্তে পৌঁছে যাচ্ছে মানুষের কাছে। এই প্রেক্ষাপটে সাংবাদিকদের দ্রুত, সঠিক ও নিরপেক্ষভাবে কাজ করার প্রশিক্ষণ অত্যন্ত জরুরি। কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারীরা মাঠপর্যায়ের রিপোর্টিং, সাক্ষাৎকার গ্রহণ, সংবাদ সম্পাদনা, ফটো-জার্নালিজম ও অনলাইন নিউজ প্রোডাকশনের মতো নানা বিষয়ে হাতে-কলমে শিখছেন।

সরকারি চাকরির বাজার ক্রমশ সঙ্কুচিত হওয়াই এই ধরনের বৃত্তিমূলক প্রশিক্ষণের ব্যবস্থা করেছে বাংলা বিভাগ। এই কর্মশালায় ক্লাস নিচ্ছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মিডিয়া স্টাডিজের অধ্যাপক, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক ও সম্পাদকেরা। উদ্বোধনী অনুষ্ঠানে লেখক বিনায়ক বন্দ্যোপাধ্যায় বলেন, 'সাংবাদিকতা আর সাহিত্য পরস্পরের প্রতিদ্বন্দ্বী নয় বরং সাহিত্য পাঠই সাংবাদিকের হাতে তুলে দেয় এক অমোঘ অস্ত্র, ভাষাকে ইচ্ছেমতো ব্যবহারের শক্তি।' অন্যদিকে কবি চিন্ময়কুমার দাস বলেন, 'সাংবাদিকতার মাধ্যমে দেশের উন্নয়নে, রাষ্ট্র গঠনে সহজেই সামিল হতে পারে যুব সম্প্রদায়।'
কোর্সের ডিরেক্টর অধ্যাপক সুখেন বিশ্বাস জানালেন, ইতিমধ্যেই এই বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা কোর্সের বহু প্রাক্তনী প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সফলভাবে কাজ করছেন। “ন্যাশনাল এডুকেশন পলিসি বলছে, নির্দিষ্ট বিষয়ের পাশাপাশি বৃত্তিমূলক শিক্ষায় দক্ষতা অর্জন জরুরি। আমরা সেই লক্ষ্যেই ছাত্রছাত্রীদের হাতে-কলমে প্রশিক্ষণ দিচ্ছি, বলেন তিনি।
বাংলা বিভাগের প্রধান, অধ্যাপক নন্দিনী বন্দ্যোপাধ্যায়ের কথায়, 'সংবাদ এখন জীবনের নিয়ন্ত্রক—তার পরিবেশন শেখা মানেই প্রভাব সৃষ্টি করার ক্ষমতা অর্জন করা।'