দুর্যোগের মধ্যেও কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে আগমনী উৎসবের আনন্দ, শিক্ষার্থীদের নাটক, গান ও নৃত্যে শারদীয়ার উজ্জ্বল আয়োজন!

আনন্দে মাতল বাংলা বিভাগ
শেষ আপডেট: 23 September 2025 23:41
দ্য ওয়াল ব্যুরো: পুজোর ঢাকে কাঠি পড়ার আগেই কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে বেজে উঠল আগমনীর সুর। সাংবাদিকতা ও পারফর্মিং আর্ট বিষয়ক অনুষ্ঠানে শিক্ষা ও সংস্কৃতি মিলেমিশে একাকার হয়ে যায় মঙ্গলবার। দুর্যোগের মধ্যেও সমবেত হয়েছিলেন বাংলা বিভাগের শিক্ষক ও পড়ুয়ারা।
দুর্যোগের কারণে ভার্চুয়াল মাধ্যমে উৎসবের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক কল্লোল পাল। তিনি বলেন, 'ধারাবাহিকভাবে বিভাগীয় পত্রিকা প্রকাশের জন্য বাংলা বিভাগকে আমি সাধুবাদ জানাই। জার্নালিজম সার্টিফিকেট কোর্সের ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা ও অভিনন্দন। ওদের আগামী দিনগুলো সুন্দর হোক। এই কোর্সের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের মধ্যে মানবিকবোধের দিকটি যেন যুক্ত হয়।'
উৎসবের প্রাণকেন্দ্রে ছিল শিক্ষার্থীরাই। তাদের পরিবেশিত নাটক, গীতিআলেখ্য ও নৃত্যানুষ্ঠান শারদীয়ার আবহকে প্রাণবন্ত করে তোলে। পাশাপাশি উদ্বোধন হল বাংলা বিভাগের বিভাগীয় পত্রিকার তিনটি সংখ্যা। এই অনুষ্ঠানে জার্নালিজম সার্টিফিকেট কোর্স ও পারফর্মিং আর্টের ছাত্রছাত্রীর হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। পাশাপাশি জার্নালিজমে অষ্টম ব্যাচের সূচনা হয়। কোর্সের ডিরেক্টর অধ্যাপক সুখেন বিশ্বাস জানান, 'ন্যাশনাল এডুকেশন পলিসি অনুযায়ী যে কোনও বৃত্তিমূলক কোর্সই এখন প্রাধ্যান্য পাচ্ছে। জার্নালিজম কোর্স করে অনেকেই সঙ্গে সঙ্গে কাজ পেয়ে যাচ্ছেন। কোর্সের ছাত্রছাত্রীরা এফএম প্রচারতরঙ্গের মাধ্যমে ‘গানে গানে পুজোর আনন্দে’ ও ‘ফোন ইন লাইভ নিউজ’ করে দর্শকদের তাক লাগিয়ে দেয়।'

পারফর্মিং কোর্সের ডিরেক্টর অধ্যাপক প্রবীর প্রামাণিক জানান, 'এই কোর্স ছাত্রছাত্রীদের শিল্পজগতের বিভিন্ন দিক সম্পর্কে পরিপূর্ণ ধারণা দেবে এটিই আমার বিশ্বাস।' বিভাগীয় প্রধান অধ্যাপক নন্দিনী বন্দ্যোপাধ্যায় জানান, 'শুধু শিক্ষাদানই নয়, বাংলা বিভাগ শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বদান, সৃজনশীলতা ও দৃষ্টিভঙ্গি উন্নয়নের উপর বিশেষ গুরুত্ব আরোপ করে। সাংবাদিকতা ও পারফর্মিং আর্টের মাধ্যমে নতুন প্রজন্মকে দক্ষ ও প্রতিভাবান হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ।'
উল্লেখ্য, অধ্যাপকেরা দুই ঘণ্টা ধরে পুজোর গান ও আড্ডাকে সামনে রেখে ফোন-ইন-লাইভ শেখান। পাশাপাশি শেখান টিভিতে কীভাবে লাইভ সাংবাদিকতা করতে হবে তার খুঁটিনাটি। জার্নালিজম সার্টিফিকেট কোর্সের ছাত্রছাত্রীরা শারদীয়া উৎসবকে সামনে রেখে নাটক, গীতিআলেখ্য ও নৃত্যালেখ্যের মাধ্যমে পুজোর আবহ তৈরি করে দিলেন। অনুষ্ঠানে প্রায় চারশো ছাত্রছাত্রী, গবেষক-সহ উপস্থিত ছিলেন অধ্যাপক সঞ্জিৎ মণ্ডল, ড. তুষার পটুয়া, ড. শ্যামশ্রী বিশ্বাস সেনগুপ্ত, ড. সীমা সরকার প্রমুখ। সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নান্দনিক হয়ে ওঠে আগমনী উৎসব।