বৃহস্পতিবারই ৭ অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা হয়। শুক্রবার তাদের ২০ বছরের জেল হেফাজতের নির্দেশ দিল এডিজে আদালত। একইসঙ্গে ৫০ হাজার টাকার জরিমানাও করা হয়েছে।

শেষ আপডেট: 29 August 2025 17:36
দ্য ওয়াল ব্যুরো: এক বছরের মধ্যে কল্যাণী গণধর্ষণ মামলায় সাজা ঘোষণা করল আদালত (Kalyani Gang Rape Case)। বৃহস্পতিবারই ৭ অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা হয়। শুক্রবার তাদের ২০ বছরের জেল হেফাজতের নির্দেশ দিল এডিজে আদালত। একইসঙ্গে ৫০ হাজার টাকার জরিমানাও করা হয়েছে।
২০২৪ সালের ৩০ অক্টোবর বিবাহিত তরুণীকে গণধর্ষণের (Kalyani Gang Rape Case) অভিযোগ ওঠে। পুলিশ সূত্রে জানা গেছিল, ভোরবেলা কল্যাণী – বারাকপুর এক্সপ্রেসওয়ের কল্যাণী রেল ব্রীজের নীচ দিয়ে হেঁটে যাচ্ছিলেন এক দম্পতি। পাশেই জুয়ার আসরে বসেছিল অপরাধীরা। সঙ্গে চলছিল মদ্যপানও।
দম্পতিকে আসতে দেখেই নির্যাতিতাকে টেনে নিয়ে যায় তারা। স্বামীকে আটকে রেখে তাঁর সামনেই তরুণীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। কল্যাণী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশ ৮ জনকে গ্রেফতার করে।
অভিযুক্ত কাঁচরাপাড়ার বাসিন্দা রাহুল রায়কে বেকসুর খালাস করা হয়। বাকি ৭ জনকে গতকাল দোষী সাব্যস্ত করে আদালত। আজ হল সাজা ঘোষণা। তারা প্রত্যেকেই কল্যাণীর বাসিন্দা বলেই জানা গেছে।