
জুন মালিয়া, শর্মিলা সরকার, মিতালি বাগ ও রচনা বন্দ্যোপাধ্যায়কে কল্যাণ নিয়ে যান মধ্যাহ্নভোজ করাতে
শেষ আপডেট: 24 June 2024 16:03
দ্য ওয়াল ব্যুরো: সংসদীয় ব্যবস্থায় চিফ হুইপ তথা মুখ্য সচেতকের ভূমিকা গুরুত্বপূর্ণ। সংসদে ভোটাভুটি বা বিশেষ আলোচনার সময়ে কোনও দলের সাংসদরা দলীয় চিফ হুইপের কথা শুনে চলেন। হুইপের কাজ অনেকটা ক্লাসের মনিটরের মতো। গত মেয়াদের মতো এবারও শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে লোকসভায় তৃণমূলের চিফ হুইপ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমবার, ভোটের পর লোকসভার প্রথম অধিবেশনের প্রথম দিনে সেই কল্যাণকে দেখা গেল অভিভাবকের ভূমিকায়। তৃণমূলে এবার নতুন সাংসদের সংখ্যা কম নয়। প্রথম বার লোকসভা ভোটে জিতে সাংসদ হয়েছেন পাঁচ মহিলা মুখ—জুন মালিয়া, মিতালি বাগ, শর্মিলা সরকার, রচনা বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ।
এদিন দেখা যায়, সংসদ চত্বরে দাঁড়িয়ে নতুন সাংসদদের সংসদীয় ব্যবস্থা সম্পর্কে বোঝাচ্ছেন কল্যাণ। সকালে সংসদ চত্বরে বিরোধী বিক্ষোভ কর্মসূচীতে তৃণমূলের সব সাংসদ উপস্থিত ছিলেন। লোকসভায় প্রোটেম স্পিকার নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রতিবাদ জানাতে সবাই হাতে সংবিধান নিয়ে এসেছিলেন। কল্যাণেরও হাতে ধরা ছিল সংবিধান।
দুপুরের মধ্যে সে সব মিটে গেলে নতুন চার মহিলা সাংসদ জুন মালিয়া, শর্মিলা সরকার, মিতালি বাগ ও রচনা বন্দ্যোপাধ্যায়কে কল্যাণ নিয়ে যান মধ্যাহ্নভোজ করাতে। তাঁদের মধ্যে এক সাংসদ আবার কল্যাণকে বলেন, ডিনার করলে ভাল হয়। কল্যাণ বলেন, আগে লাঞ্চ তো করো, তার পর না হয় একদিন ডিনার হবে। এ কথা বলে দেখা যায়, তাঁরা পাঁচ জন এক সঙ্গে সংসদ ভবন থেকে বেরিয়ে যাচ্ছেন।
তবে কোথায় মধ্যাহ্নভোজে গিয়েছেন জানাতে চাননি কল্যাণ। তিনি বলেন, লাঞ্চ কোথায় কফি খেয়েছি তো!