হাইকোর্টের একটি পূর্ববর্তী রায়ের প্রসঙ্গ টেনে তৃণমূল সাংসদ বলেন, “সেই রায়ের সুযোগ নিয়ে একের পর এক অপরাধমূলক কাজ করছেন শুভেন্দু অধিকারী।"

শুভেন্দু অধিকারী ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: 10 August 2025 13:13
দ্য ওয়াল ব্যুরো: নবান্ন অভিযান ঘিরে বিজেপি (BJP) ও তৃণমূলের (TMC) রাজনৈতিক সংঘাত আরও তীব্র হল। শনিবারের ঘটনায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে পুলিশকে কটূক্তি ও উসকানিমূলক আচরণের অভিযোগ তোলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)।
রবিবার শ্রীরামপুরে গঙ্গাদর্শন শেষে নিজের বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, নবান্ন অভিযানের নামে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে অরাজক পরিস্থিতি তৈরি হয়েছিল। তাঁর অভিযোগ, বিজেপি কর্মীরা সরকারি সম্পত্তি ভাঙচুর করেছে, পুলিশকে মারধর করেছে, এবং এসবের পেছনে সরাসরি উসকানি দিয়েছেন শুভেন্দু। তিনি আরও দাবি করেন, বিরোধী দলনেতা অত্যন্ত অশালীন ভাষা ব্যবহার করেছেন, যা রাজনৈতিক সৌজন্যের সম্পূর্ণ পরিপন্থী।
হাইকোর্টের একটি পূর্ববর্তী রায়ের প্রসঙ্গ টেনে তৃণমূল সাংসদ বলেন, “সেই রায়ের সুযোগ নিয়ে একের পর এক অপরাধমূলক কাজ করছেন শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গের মানুষ এখন দেখছেন, আদালতের রায়ের আড়ালে একজন রাজনৈতিক নেতা কতটা অপরাধপ্রবণ হতে পারেন।”
কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, এই ধরনের মন্তব্য ও আচরণ রাজনীতিতে গ্রহণযোগ্য নয় এবং এমন ব্যক্তিদের রাজ্যের রাজনৈতিক পরিসর থেকে সরিয়ে দেওয়া উচিত। তাঁর কথায়, “সমালোচনা সকলকেই সহ্য করতে হবে, তবে রাজনৈতিক ভাষায় শালীনতা থাকা আবশ্যক।”