.jpeg)
কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
শেষ আপডেট: 25 January 2025 11:04
দ্য ওয়াল ব্যুরো: ফের বেসুরো তৃণমূলের বর্ষীয়ান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দলের একাংশ মন্ত্রীকে নিশানা করে কল্যাণের বক্তব্য, "দিদি আছে বলে আছি, না হলে থাকতে ইচ্ছে করে না। দিদির সঙ্গে কয়েকজন মন্ত্রী থাকেন, হাবভাব দেখলে দলে থাকতে ইচ্ছে করে না!"
এখানেই না থেমে কল্যাণ এও বলেছেন, "দলের খারাপ সময়ে এদের দেখতে পাওয়া যায় না!" নিজের দাবির সপক্ষে আরজি করের প্রসঙ্গও টেনে এনেছেন বর্ষীয়ান সাংসদ।
সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কল্যাণ বলেন, "আরজি কর আন্দোলনের সময় তো কিছু লোক মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সরকারকে গালাগালি করতে উঠে পড়ে লেগেছিল। তখন এই সব মন্ত্রীকে মাঠে দেখা যায়নি। মুখ খুলেছি তো আমি আর কুণাল (ঘোষ)। আমরা গালাগালিও খেয়েছি। বাকিরা সব চুপ করেছিল।"
কোন কোন মন্ত্রীকে নিশানা করে একথা বলছেন তা অবশ্য স্পষ্ট করেননি কল্যাণ। স্বভাবতই কল্যাণের নিশানায় কারা কারা রয়েছেন, তা নিয়ে তৃণমূলে তো বটেই রাজ্য রাজনীতিতেও জোর চর্চা শুরু হয়েছে।
তবে কল্যাণ এই প্রথম দলের একাংশের বিরুদ্ধে প্রকাশ্যে তোপ দাগলেন এমনটা নয়। গত নভেম্বরে দলেরই একাংশ সতীর্থকে 'দল ছেড়ে তারপরে বড় বড় বুলি আওড়ানো'র চ্যালেঞ্জ ছুড়েছিলেন তিনি।
সে সময় কল্যাণ বলেছিলেন, "যাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা হারাচ্ছেন বা কনফিডেন্ট হারাচ্ছেন তাঁরা দল ছেড়ে দিক! এত বড় বড় কথা মানায় না। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বাদ দিয়ে ভোটে দাঁড়াক, তারপরে দেখব!"
কল্যাণ এও বলেন, "যারা বড় বড় কথা বলছেন, তাঁদের মধ্যে কেউ রোজভ্যালি কেউ সারদায় অভিযুক্ত। কেউ কেউ এখনও পর্যন্ত জেলে রয়েছে। তৃণমূল কংগ্রেসের জার্সি পড়ে কেউ জেলে থাকবে সেটা কি ভাল দেখায়?"