গত ১৩ অক্টোবর থেকে পুজো নেওয়ার ১টি কাউন্টার খোলা হয়েছে। ১৭ অক্টোবর থেকে ৩টি পুজো কাউন্টার খোলা হয়েছে। পুজোর দিনে ভক্তদের সুবিধার্থে ৪টি কাউন্টার থাকবে।

ফাইল ছবি
শেষ আপডেট: 20 October 2025 13:17
দ্য ওয়াল ব্যুরো: ভক্তদের কাছে নৈহাটির বড়মায়ের (Naihati Boro Ma) মন্দির বিশেষ আবেগের জায়গা! সাধারণ দিনে তো তাঁদের আনাগোনা থাকেই, তবে দীপান্বিতা কালীপুজো (Kali Puja) একটি বিশেষ দিন, মায়ের দর্শন করতে দূরদূরান্ত থেকে ভক্তরা আসেন। এবারও তার অন্যথা হয়নি। পুজোর আয়োজনও চলছে জোরকদমে।
‘ধর্ম যার যার, বড়মা সবার’- এই প্রচলিত কথাটিই যেন কালীপুজোর (Kali Puja) মাহাত্ম্য আরও বাড়িয়ে দিচ্ছে। দূর-দূরান্ত থেকে মানুষ বড়মার আশীর্বাদ নিতে ভিড় জমাচ্ছেন। যদিও মন্দির বন্ধ, তবে মন্দিরের সামনে তৈরি হয়েছে ২১ ফুট উঁচু বড়মার মূর্তি, আর সেই মূর্তিতেই এবার কালীপুজো হবে।
নৈহাটির বড়মার (Naihati Boro Ma) পুজো শুরু হবে সোমবার রাত ১২টা থেকে। অঞ্জলি হবে রাত ২টো নাগাদ। তার আগে সোমবার ভোর থেকেই মূর্তির সামনে দণ্ডি কাটতে শুরু করেছেন ভক্তরা। গঙ্গায় স্নান করে তাঁরা এই দণ্ডি কাটার প্রথা পালন করছেন। এই পর্ব চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। বড়মাকে সাজানো হয়েছে ৫০ ভরি সোনা ও ১৫০ কেজি রুপোর গয়নায়।
ভোগ প্রসাদ কোথায় এবং কখন পাওয়া যাবে
বড়মার ভোগ (Boro Ma Puja Bhog) প্রসাদ মিলবে সোমবার রাত ৩টে থেকে মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত। পুজো কমিটির তরফে জানানো হয়েছে, জগবন্ধু মোড়ের কাছে পুকুর সংলগ্ন সুষমা আবাসনে বড়মার ভোগ পাওয়া যাবে। ভোগ হিসেবে থাকবে পাঁচরকম ভাজা, পাঁচমিশালি সবজি, খিচুড়ি, পোলাও, আলুর দম, সাদা ভাত, চাটনি, পায়েস এবং মিষ্টি। মোট ৩ হাজার কেজি ভোগ বিতরণ হবে। ১০০ কেজি ময়দার লুচি ও সন্দেশও দেওয়া হবে। তবে সন্দেশ পেতে কুপন কাটতে হবে। এটি নৈহাটি নরেন্দ্র উচ্চ বিদ্যালয় (বয়েজ) ও মহেন্দ্র উচ্চ বিদ্যালয়ে পাওয়া যাবে।
পুজোর কাউন্টার
গত ১৩ অক্টোবর থেকে পুজো নেওয়ার ১টি কাউন্টার খোলা হয়েছে। ১৭ অক্টোবর থেকে ৩টি পুজো কাউন্টার খোলা হয়েছে। পুজোর দিনে ভক্তদের সুবিধার্থে ৪টি কাউন্টার থাকবে।
গত বছর নৈহাটির বড়মার পুজোতে প্রায় ৭ লক্ষ দর্শনার্থী এসেছিলেন। দণ্ডি কাটার জন্য গত বছর ৬২ হাজারের বেশি ভক্ত মূর্তির কাছে এসেছিলেন। এবার আরও বেশি ভক্ত আসার সম্ভাবনা আছে। বড়মার পুজোর সময় প্রায় ৮০০ পুলিশকর্মী মোতায়েন থাকবেন। এছাড়াও ১০০ জন স্বেচ্ছাসেবক দর্শনার্থীদের সহায়তা করবেন। দর্শনার্থীদের সুবিধার জন্য মন্দিরের আশপাশে বসানো হয়েছে ‘জায়েন্ট স্ক্রিন’।