তৃণমূলের বিজয় মিছিল থেকে ছোড়া বোমায় নাবালিকার মৃত্যুর অভিযোগ উঠেছে।

গ্রাফিক্স- দ্য ওয়াল।
শেষ আপডেট: 23 June 2025 21:21
দ্য় ওয়াল ব্যুরো: সোমবারের দুপুর। বাড়ির সকলের সঙ্গে খেতে বসেছিল কালীগঞ্জের চতুর্থ শ্রেণির তামান্না (Tamanna Khatun)। পরিবারের দাবি, তখনই আচমকা বাড়িতে এসে পড়ে বোমা। আর তাতেই মৃত্যুর কোলে ঢলে পড়ে মোলান্দি গ্রামের বছর দশেকের তামান্না খাতুন।
ঘটনার পর থেকে কথা বলার অবস্থায় নেই তামান্নার মা। বারে বারে জ্ঞান হারাচ্ছেন তিনি। সংজ্ঞা ফিরলে শুধু একটাই আর্তনাদ ভেসে আসছে, 'মেয়েটাকে খেতেও দিল না ওরা।'
সোমবার কালীগঞ্জ বিধানসভা উপ নির্বাচনের গণনা ছিল (Kaliganj Assembly by-election Result)। দুপুরে ফলাফল প্রকাশিত হয়। প্রায় ৫০ হাজার ভোটে জয়ী হন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ। এরপরই তৃণমূলের বিজয় মিছিল থেকে ছোড়া বোমায় নাবালিকার মৃত্যুর অভিযোগ উঠেছে।
মৃত নাবালিকার কাকা মুস্তাক হোসেন নিজেকে বাম সমর্থক পরিবারের সদস্য হিসেবে দাবি করে বলেন, "১৩ রাউন্ড গণনার পর থেকেই তৃণমূলের লোকেরা বোমা ছুড়ছিল। ওরা বেছে বেছে আমাদের পরিবারগুলোতেই বোমা ছোড়ে। বাচ্চা মেয়েটা খেতে বসেছিল, তখনই..."। শোকে বুঝে যায় কণ্ঠস্বর। পরিবারে নেমে এসেছে হাহাকার। দোষীদের গ্রেফতার এবং কঠোরতম শাস্তির দাবি তুলেছেন তিনি। একই দাবি জানিয়েছে শাসক থেকে বিরোধী সকলেই।
বিরোধীদের অভিযোগ, তৃণমূলের বিজয় মিছিল থেকেই বোমা ছোড়া হয়েছে। পাল্টা হিসেবে তৃণমূলের একাংশের বক্তব্য, পরাজয়ের প্রতিশোধ নিতে এলাকায় বিশৃঙ্খলা পাকাতে বিজেপি এই কাণ্ড ঘটিয়েছে। তবে রাজনীতির বিতর্কে ঢুকতে চাননি সদ্য জয়ী তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ। তিনি বলেন, "আজকের দিনে এমন ঘটনা কাম্য নয়। যেই দায়ী হোক তার যেন কঠোর শাস্তির ব্যবস্থা করা হয়।"
এ ব্যাপারে টুইটে পুলিশকে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৃত নাবালিকার পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করে মুখ্যমন্ত্রীর আশ্বাস, পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেবে।