উপনির্বাচনের জয়ের আনন্দ বদলে গেল বিষাদে! জেলা প্রশাসনের কাছে রিপোর্ট চাইল কমিশন।
.jpeg.webp)
গ্রাফিক্স-দ্য ওয়াল।
শেষ আপডেট: 23 June 2025 17:46
দ্য ওয়াল ব্যুরো: উপনির্বাচনের জয়ের আনন্দ বদলে গেল বিষাদে!
সোমবার কালীগঞ্জ বিধানসভা উপ নির্বাচনের গণনা ছিল। ফলাফল প্রকাশের পর তৃণমূলের তরফে বিজয় মিছিল করা হয়। অভিযোগ, সেই বিজয় মিছিল থেকে ছোড়া সকেট বোমাতে মোলান্দিতে তামান্না খাতুন নামে ১০ বছরের এক শিশুকন্যার মৃত্যু হয়েছে। মৃত শিশুকন্যার পরিবার বাম সমর্থক বলে দাবি। ঘটনাকে কেন্দ্র করে এলাকার রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
এ ব্যাপারে টুইটে পুলিশকে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৃত শিশুকন্যার পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করে মুখ্যমন্ত্রীর আশ্বাস, পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেবে। অন্যদিকে বোমা বিস্ফোরণের ঘটনায় জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।
I am shocked and deeply saddened at the death of a young girl in an explosion at Barochandgar in Krishnanagar police district. My prayers and thoughts are with the family in their hour of grief.
Police shall take strong and decisive legal action against the culprits at the…— Mamata Banerjee (@MamataOfficial) June 23, 2025
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, মৃত শিশু কন্যা চতুর্থ শ্রেণিতে পড়ত। মোলান্দিতে তৃণমূলের বিজয় মিছিল থেকে ছোড়া বোমার ঘায়ে তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ। মৃত শিশু কন্যার পরিবার বাম সমর্থক বলে দাবি। অভিযোগ, মোলান্দি থেকে এদিন বাড়ি ফেরার সময় তৃণমূল কর্মীরা বাম সমর্থকের বাড়ি লক্ষ্য করে সকেট বোমা ছোড়ে। তাতেই মৃত্যু হয়েছে শিশুকন্যার।
এ ব্যাপারে তৃণমূলের তরফে জানানো হয়েছে, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। তৃণমূলের জয়ী প্রার্থী আলিফা আহমেদ বলেন,জয়ের আনন্দকে নষ্ট করতে কেউ বা কারা এঘটনা ঘটাল কিনা, তাও খতিয়ে দেখা দরকার। পুলিশ তদন্তে সবটা দেখছে। একই আশঙ্কা প্রকাশ করেছেন তৃণমূলের তরুণ নেতা দেবাংশু ভট্টাচার্যও।
আরও এক ধাপ এগিয়ে তৃণমূলের রাজ্য সহ সভাপতির দাবি, 'বোমা হামলার পিছনে বিজেপির হাত রয়েছে। হারের বদলা নিতেই এলাকায় বিশৃঙ্খলার পরিবেশ তৈরি করতে বিজেপি এই হামলা করেছে।' যদিও বিজেপির তরফে অভিযোগ উড়িয়ে ঘটনায় তৃণমূলকে দায়ী করে বলা হয়েছে, "এটাই তৃণমূলের কালচার। ওরা বিজয় মিছিল থেকেও বোমা ছোড়ে।"