
কালবৈশাখীর পূর্বাভাস আজও।
শেষ আপডেট: 7 May 2024 15:50
দ্য ওয়াল ব্যুরো: আজও কালবৈশাখীর পূর্বাভাস কলকাতা-সহ ১১ জেলায়। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস আর কয়েকঘণ্টায় ঝেঁপে ঝড়বৃষ্টি আসছে। আজও ভিজবে মহানগর। ঘন ঘন বাজ পড়তে পারে। গোটা দক্ষিণবঙ্গজুড়েই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। জারি হয়েছে কমলা সতর্কতা।
আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা সোমনাথ দত্ত বলছেন, আজ মঙ্গলবার বিকেলের পর থেকে তুমুল ঝড়বৃষ্টি হতে পারে গোটা দক্ষিণবঙ্গজুড়েই। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৬০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব-পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে।
ভারী বৃষ্টি হবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতে।
বুধবার ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। শুক্রবার বৃষ্টি বাড়বে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলাতে। শুক্রবার বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে এবং উত্তরবঙ্গের মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং জলপাইগুড়িতে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। বিকেলের পর থেকে বৃষ্টির সম্ভাবনা আছে।
এতদিন গরমে নাভিশ্বাস উঠছিল। খাস কলকাতার তাপমাত্রাই ৪২ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছিল। পশ্চিমের জেলাগুলিতে আরও বেশি। একটানা তাপপ্রবাহের শেষে গতকালই স্বস্তির বৃষ্টির নেমেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস আজ থেকে শনিবার অবধি দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে। তাপপ্রবাহ থেকে রেহাই পাবে বঙ্গবাসী।
ঝাড়খণ্ড, বাংলাদেশ, দু’দিক থেকে দক্ষিণবঙ্গে মেঘ ঢুকেছে। বাংলাদেশ ও মধ্যপ্রদেশে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। ওড়িশা থেকে রাজস্থান অবধি চলে গেছে বৃষ্টি অক্ষরেখা। এই অক্ষরেখা ছত্তীসগড় ও মধ্যপ্রদেশের উপর দিয়ে গেছে। এর টানেই প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে।
হাওয়া অফিস জানাচ্ছে, শনিবার উপকূলীয় অঞ্চলে সতর্কতা জারি হয়েছে। পূর্ব মেদিনীপুর ও দুই ২৪ পরগনাতে তুমুল ঝড়বৃষ্টি হতে পারে। সমুদ্র উত্তাল হতে পারে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।