১৭ বছরের নির্বাসন থেকে প্রধানমন্ত্রী! TIME-এর ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান—কেন তাঁকে বেছে নিল বিশ্বখ্যাত ম্যাগাজিন?

ফাইল চিত্র
শেষ আপডেট: 15 April 2026 22:12
দ্য ওয়াল ব্যুরো: খ্যাতনামা মার্কিন সাময়িকী টাইম ২০২৬-এ বিশ্বের প্রভাবশালী ১০০ জন ব্যক্তির নামের তালিকা প্রকাশ করেছে। বুধবার প্রকাশিত ওই তালিকায় নাম আছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের। বিশ্বখ্যাত সাময়িকীটি তাদের মানদণ্ড অনুযায়ী নানা ক্ষেত্রে প্রভাবশালীর ভূমিকা পালনকারীর নাম প্রকাশ করে থাকে।
ম্যাগাজিনে তারেক রহমানকে নিয়ে মুখবন্ধটি লিখেছেন টাইমের সিঙ্গাপুর ব্যুরোর সম্পাদক চার্লি ক্যাম্পবেল। তিনি একজন ভূ-রাজনীতি বিশেষজ্ঞ হিসেবেও বিশেষ পরিচিত।
চলতি বছরের জানুয়ারিতে তিনি ঢাকায় এসে তারেক রহমানের সাক্ষাৎকার নিয়েছিলেন। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নিয়ে টাইমে প্রকাশিত নিবন্ধে ওই সাংবাদিক তারেক রহমানের একাধিক মন্তব্য পুনরায় লিপিবদ্ধ করেছেন।
টাইম কেন তারেক রহমানকে প্রভাবশালী ১০০ জনের তালিকায় রেখেছে তার আভাস আছে চার্লির নিবন্ধে। বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তিনবারের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তারেক রহমান বর্তমানে তাঁর দল বিএনপির চেয়ারম্যান।
দীর্ঘ ১৭ বছর লন্ডনের রাজনৈতিক নির্বাসনে থাকা তারেক রহমান গত বছর ২৫ ডিসেম্বর দেশে ফেরার পাঁচ দিনের মাথায় মাতৃহারা হন। মায়ের মৃত্যু নিয়ে চার্লি ক্যাম্বেলকে সাক্ষাৎকারে তারেক রহমান বলেছিলেন শোককে তিনি শক্তিতে পরিণত করবেন। দলকে সংহত করে দেশকে বিপর্যস্ত অবস্থা থেকে পুনরুদ্ধার করবেন।
গত ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি দুই-তৃতীয়াংশ আসনে জয়লাভ করে ক্ষমতায় ফিরেছে। দু-দশক পর ক্ষমতায় ফেরা তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার শুরুতেই নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি। অর্থনৈতিক মন্দা ছিলই। তার সঙ্গে যুক্ত হয়েছে জ্বালানি সংকট।
১৭ বছর দেশের বাইরে থেকে রাজনীতি করে স্বদেশ প্রত্যাবর্তনের পর দলকে বিপুল সাফল্য পাইয়ে দেওয়া এবং নিজের প্রধানমন্ত্রী হওয়াকে টাইম ম্যাগাজিন তারেক রহমানের বিশেষ কৃতিত্ব হিসেবে বিবেচনা করেছে বলে মনে করা হচ্ছে।