
প্রেসিডেন্সি জেল থেকে বেরিয়ে আসছেন জ্যোতিপ্রিয়।
শেষ আপডেট: 15 January 2025 18:14
দ্য ওয়াল ব্যুরো: জামিনের কয়েক ঘণ্টার মধ্যে জেলমুক্তি ঘটল রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। এদিন বিকেল সাড়ে পাঁচটা নাগাদ প্রেসিডেন্সি জেল থেকে বেরিসে আসতে দেখা যায় বালুকে। পরণে সবুজ রঙের পাঞ্জাবি। বাবাকে আনতে জেলে হাজির হয়েছিলেন মেয়ে প্রিয়দর্শিনী।
২০২৩ সালের ২৭ অক্টোবর ম্যারাথন জেরার পর রেশন দুর্নীতি মামলায় রাজ্যের তৎকালীন বনমন্ত্রী জ্যোতিপ্রিয়কে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অবশেষে ১৪ মাস পর এদিন ৫০ হাজার টাকার জামিন বন্ড এবং ৫০ লাখ টাকার ব্যক্তিগত বন্ডে জ্যোতিপ্রিয় ওরফে বালুর জামিন মঞ্জুর করে কলকাতার নগর দায়রা আদালত।
জামিন মঞ্জুরের পরই জেল চত্বরে ভিড় জমান জ্যোতিপ্রিয়র অনুগামীরা। তবে জেল থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হননি বালু। সোজা গাড়িতে চেপে বাড়ির উদ্দেশে রওনা দিয়েছেন।
২০২৩ সালে দুর্গা পুজোর মুখে টানা ২০ ঘণ্টারও ম্যারাথন জেরা শেষে রাজ্যের তৎকালীন বনমন্ত্রীকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অবশেষে ১৪ মাস পর জামিন পেলেন প্রাক্তন মন্ত্রী।
রেশন দুর্নীতি মামলায় আগেই জামিন পেয়েছেন চালকল ব্যবসায়ী বাকিবুর রহমান, বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শংকর আঢ্য ও ব্যবসায়ী বিশ্বজিৎ দাস। তবে প্রভাবশালী তত্ত্বে বারবার বালুর জামিনের বিরোধিতা করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
এদিন বেশ কিছু শর্তে বালুর জামিন মঞ্জুর করে আদালত। এগুলি হল - তদন্তকারী আধিকারিকদের সহযোগিতা, বিচারপ্রক্রিয়ায় নিয়মিত উপস্থিত থাকা, সাক্ষীদের প্রভাবিত না করা। পাসপোর্ট-ভিসা জমা রাখতে হবে। এছাড়া আদালতের অনুমতি ছাড়া রাজ্যের বাইরে যেতে পারবেন না।
অন্যদিকে শারীরিক অসুস্থতার জন্য আদালতে একাধিকবার জামিনের আবেদন জানান জ্যোতিপ্রিয়র আইনজীবী। এমনকী এজলাসে দাঁড়িয়ে বিচারকের উদ্দেশে হাতজোড় করে জ্যোতিপ্রিয়কেও একাধিকবার জামিনের আবেদন জানাতে দেখা গিয়েছে। কখনও বলেছেন, 'মনে হচ্ছে বাম দিকটা পক্ষাঘাত হয়ে যাবে।' কখনও বা বলেছেন, 'খুব অসুস্থ। মনে হচ্ছে মরে যাব।' এও বলেছেন, "'আমার শরীর ভাল নয়। চিকিৎসার জন্য যেকোনও শর্তে জামিন চাই।"