
শেষ আপডেট: 2 November 2023 12:40
দ্য ওয়াল ব্যুরো: ইডি হেফাজতে থাকলেও বাড়ির খাবারই খাচ্ছেন রাজ্যের বনমন্ত্রী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। মন্ত্রীর শরীরের কথা মাথায় রেখেই বিচারক বাড়ির খাবার খাওয়ার অনুমতি দিয়েছেন। দু'বেলা তাই বাড়ি থেকেই খাবার দিয়ে আসা হচ্ছে। বুধবার রাতেও দেখা গেল দু'টি ব্যাগ কাঁধে নিয়ে সিজিও কমপ্লেক্সে আসেন বালু কন্যা প্রিয়দর্শিনী মল্লিক! সূত্রের খবর, ব্যাগ ভর্তি খাবার ছিল।
সোমবার রাতে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর জ্যোতিপ্রিয়কে ইডি নিজেদের হেফাজতে নিয়েছে। মঙ্গলবার সকাল থেকেই দফায় দফায় জেরা করা হচ্ছে। আদালত জানিয়েছে, ইডি হেফাজতে থাকাকালীন তাঁর স্বাস্থ্যের পরীক্ষা হবে কমান্ড হাসপাতালে। এদিকে, কমান্ড হাসপাতাল কর্তৃপক্ষ আবার মন্ত্রীর দায়িত্ব নিতে চায় না। হাইকোর্টের দ্বারস্থ হয়েছে তারা। এই টানাপড়েনের মধ্যে ইডি হেফাজতে গোয়েন্দাদের চোখা চোখা প্রশ্নের মুখে পড়তে হচ্ছে মন্ত্রীকে।
সূত্রের খবর, নিয়ম মেনেই খাবার ও ওষুধ খাচ্ছেন মন্ত্রী। সকালে চা খেয়ে দিন শুরু করেন, তারপর দুপুরে ভাত-রুটি-তরকারি, রাতেও তেমনই হালকা খাবার খান। চিকিৎসকরাই তাঁকে এমন রুটিন মেনে খাওয়া দাওয়া করার পরামর্শ দিয়েছেন। খাবারের সঙ্গে সঙ্গে ওষুধও চলছে তাঁর।
রেশন দুর্নীতি কাণ্ডে গত ২৬ অক্টোবর মধ্যরাতে জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করে ইডি। আদালতে তোলা হলে এজলাসেই অসুস্থ হয়ে পড়েন মন্ত্রী। আদালতের নির্দেশে বাইপাসের ধারের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। চার দিন হাসপাতালে কাটানোর পর সোমবার রাতে ইডি মন্ত্রীকে নিজেদের হেফাজতে নেয়।
মন্ত্রীর শারীরিক পরিস্থিতি দেখে বাড়ির খাবার খাওয়ার অনুমতি দিয়েছিল ইডি। তবে অবশ্যই ইডিকে সেই খাবার পরীক্ষা করতে দিতে হবে। তাই বাড়ির খাবার যেই নিয়ে আসুক না কেন, সেই খাবার তাঁকে প্রথমে খাওয়ানো হচ্ছে। তারপর সেই খাবার দেওয়া হচ্ছে জ্যোতিপ্রিয়কে। মূলত প্রতিদিন বাবার জন্য রাতের খাবার প্রিয়দর্শিনীই পৌঁছে দিচ্ছেন ইডি দফতরে।