কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে আয়োজিত ১০ দিনের সাংবাদিকতা কর্মশালায় শিক্ষার্থীদের লাইভ রিপোর্টিং, নিউজ রিডিং, মিডিয়া স্টাডিজ ও আসল খবর তৈরির কৌশল শেখানো হল।

ফাইল চিত্র
শেষ আপডেট: 24 March 2026 23:50
দ্য ওয়াল ব্যুরো: শুধু খবর পরিবেশন নয়, বর্তমান সময়ে দাঁড়িয়ে সাংবাদিকতা কর্মসংস্থানের একটি সম্ভাবনাময় ক্ষেত্র। সেই সম্ভাবনাকে সামনে রেখেই গত কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে শুরু হয় দশদিনের সাংবাদিকতার কর্মশালা।
'ব্রেকিং নিউজ নয়, সাংবাদিকদের লক্ষ্য হোক মেকিং নিউজ। একটি ভ্রান্ত খবর সমাজের একটি বড় ক্ষতি করতে পারে। জার্নালিজম কোর্সের কর্মশালা ভাবী সাংবাদিকদের এভাবেই প্রশিক্ষণ দিচ্ছে।' কর্মশালার উদ্বোধন করে বলেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কল্লোল পাল। সেই মেকিং নিউজের লক্ষ্যকে সামনে রেখেই অনুষ্ঠিত হওয়া দশদিনের কর্মশালা শেষ হল মঙ্গলবার।
উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শাখার চেয়ারপার্সন সৌমী দাশ। তাঁর কথায় 'যুদ্ধ থেকে জ্বালানি, জাতি বিদ্বেষ, ধর্মীয় ভাবাবেগ, হত্যা, ধর্ষণ, আন্তর্জাতিক সড়যন্ত্র, অপরাধ সব কিছুতেই সাংবাদিকরা আমাদের সামনে সত্যকেই তুলে ধরবেন। এই অঙ্গীকার নিয়েই সাংবাদিকদের এগিয়ে আসতে হবে।'

কর্মশালা শেষে জার্নালিজম সার্টিফিকেট কোর্সের ডিরেক্টর অধ্যাপক সুখেন বিশ্বাস বলেন, 'সাংবাদিকতা একটি গুরুত্বপূর্ণ ও দায়িত্বপূর্ণ পেশা। সঠিকভাবে সংবাদ সংগ্রহ, যাচাই ও উপস্থাপন করার জন্য এই ধরনের কর্মশালা খুবই প্রয়োজন। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা নয়, তার বাইরেও অসম, ত্রিপুরা থেকে শিক্ষার্থীরা এই কর্মশালায় অংশগ্রহণ করেন প্রতিবছর। আশা করি, নতুন ও অভিজ্ঞ সাংবাদিকদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি এই কর্মশালা বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের পথ অনেকটা প্রশস্ত করবে।'
দশ দিনের এই কর্মশালায় হাতেকলমে সাংবাদিকতার পাঠ দেন রেডিয়ো, টিভি ইত্যাদি গণমাধ্যমসহ বিভিন্ন দৈনিক সংবাদপত্রের সাংবাদিকেরা। পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মিডিয়া স্টাডিসের অধ্যাপকেরাও সাংবাদিকতার নানান দিশা ও সম্ভাবনাকে তুলে ধরেন শিক্ষার্থীদের সামনে। লাইভ সাংবাদিকতা, সঞ্চালনা, সংবাদপাঠ, নিউজ রিডিং, প্রতিবেদন রচনা ছাড়াও রেডিয়ো, টেলিভিশন, সোশ্যাল মিডিয়া সম্পর্কে সম্যক ধারণা দেওয়া হয় এই কর্মশালায়। জানা গেল, ৯৫ জন শিক্ষার্থী এই কর্মশালায় প্রশিক্ষণ নেন। সাংবাদিকতার এই কর্মশালায় অংশগ্রহণ করার সুযোগ পেয়ে তারা খুশি।