
সৌরভের বাড়ির সামনে চাকরিহারারা।
শেষ আপডেট: 15 April 2025 22:45
দ্য ওয়াল ব্যুরো: অপেক্ষায় সার! প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা হল না বঞ্চিত চাকরিপ্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্যমঞ্চের সদস্যরা। পরিবর্তে তাঁদের ঠাকুরপুকুর থানায় নিয়ে গেল পুলিশ!
সূত্রের খবর, থানার সামনে পুলিশের গাড়ি থেকে নামতে গিয়ে মঞ্চের একজন সদস্য পড়ে যান। তাঁর পায়ে চোট লাগে। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে পুলিশ। পুলিশের একটি সূত্রের দাবি, কী কারণে সৌরভের বাড়ির সামনে তাঁরা এসেছিলেন, মঞ্চের সদস্যদের কাছ থেকে সেই সম্পর্কে বিস্তারিত জানার জন্যই থানায় নিয়ে যাওয়া হয়েছে।
তবে মঞ্চের একটি সূত্রের দাবি, যে তিনজন এদিন দেখা করার জন্য বেহালায় সৌরভের বাড়ির সামনে গিয়েছিলেন, পুলিশের তরফে তাঁদের পরিবারের সদস্যদের থানায় ডাকা হয়েছে। মঞ্চের এক সদস্য বলেন, "পুলিশ বলেছে, আটক বা গ্রেফতার করা হচ্ছে না, পরিবারের কেউ এলেই ছেড়ে দেওয়া হবে।" পুলিশের তরফে অফিসিয়ালি কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি।
নিয়োগে দুর্নীতির অভিযোগে এসএসসির ২০১৬ সালের আস্ত প্যানেল বাতিল করেছে সুপ্রিমকোর্ট। রাতারাতি চাকরিহারা হয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীরা। এদিকে দিনের পর দিন চাকরির দাবিতে রাস্তায় বসে আন্দোলন করে চলেছেন চাকরিপ্রার্থীরা। তাঁদের তরফে গঠন করা হয়েছে চাকরিপ্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্যমঞ্চ।
ওই মঞ্চের তরফেই আগামী ২১ এপ্রিল নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে ওই অভিযানে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাতে এদিন তাঁর বাড়ি গিয়েছিলেন মঞ্চের সদস্যরা।
মূলত, চাকরিহারারা তাঁদের যাবতীয় দাবি-দাওয়া সৌরভের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছে দিতেই মঙ্গলবার সন্ধে ৬টা নাগাদ প্রাক্তন ভারতীয় অধিনায়কের বাড়িতে যান। যদিও সৌরভ বাড়িতে না থাকায় তাঁর সঙ্গে দেখা হয়নি ঐক্যমঞ্চের সদস্যদের। এ ব্যাপারে সৌরভের কোনও প্রতিক্রিয়াও জানা যায়নি। প্রতিক্রিয়া এলে প্রতিবেদনে আপডেট করা হবে।
তবে পুলিশের একটি সূত্রের দাবি, সৌরভের মতো ভিভিআইপির বাড়ির সামনে বিনা নোটিসে কেউ গিয়ে দাঁড়িয়ে থাকবেন, সেটা তো হতে পারে না। তাই এই সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানতেই থানায় ডেকে পাঠানো হয়েছে। পুলিশের ওই সূত্রের তরফে এও জানানো হয়েছে, আন্দোলনকারীদের বক্তব্যে যৌক্তিকতা রয়েছে মনে করলে প্রয়োজনে পুলিশের তরফেই সৌরভের সঙ্গে তাঁদের সাক্ষাতের ব্যবস্থাও করা হতে পারে।