দ্য ওয়াল ব্যুরো : আমেরিকার গোথাম শহরে থাকত এক কমেডিয়ান। গোথাম শহর একসময় ছিল সমৃদ্ধ। কিন্তু এখন তার অবস্থা করুণ। কমেডিয়ানের অবস্থাও তাই। তার শোয়ে লোক জমে না। তার এমন বাজে অভ্যাস, দর্শককে হাসাতে গিয়ে নিজেই হেসে ফেলে হো হো করে। শহরের গুন্ডারা তাকে আক্রমণ করে। সহকর্মী তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। এইরকম নানা বিপদের মধ্যে কমেডিয়ানের হাতে আসে একটা রিভলভার...।
হলিউডের ‘জোকার’ ছবির গল্প। এবার একাধিক বিভাগে অস্কার পেয়েছে ছবিটি। কমেডিয়ানের মতো জটিল এবং আকর্ষণীয় চরিত্র পর্দায় ফুটিয়ে তোলার জন্য অ্যাকাডেমি অ্যাওয়ার্ড পেয়েছেন ওয়াকিন ফিনিক্স। ৪৫ বছর বয়সী এই অভিনেতা নিজেও কম জটিল ও আকর্ষণীয় নন। রবিবার অস্কার ভাষণেও ফুটে উঠেছে তাঁর ব্যক্তিত্ব। দীর্ঘ বক্তৃতায় তিনি ছুঁয়ে গিয়েছেন জাতিবিদ্বেষ, পশুদের অধিকার এবং সমসাময়িক নানা প্রসঙ্গ। সেই সঙ্গে নির্মমভাবে সমালোচনা করেছেন নিজেরও।
তাঁর কথায়, “আমি অস্কার পেয়েছি বলেই বিরাট কিছু একটা হয়ে গিয়েছি এমন নয়। আমার সঙ্গে আরও যাঁরা নমিনেশন পেয়েছিলেন, তাঁরা সকলেই ফিল্মকে ভালবাসেন। এই সঙ্গীদের না পেলে আমি আজ যা হয়েছি তা হতে পারতাম না।” পরে তিনি বলেন, “আমি মনে করি, সবচেয়ে বড় যে পুরস্কার আমি পেয়েছি, তা হল এখানে বলার সুযোগ পাওয়া। যারা কিছু বলতে পারে না, তাদের কথা জানানোর জন্য আমি এই সুযোগ ব্যবহার করব।”
https://twitter.com/ABC/status/1226735436808114178
জাতিবিদ্বেষের বিরোধিতা করে তিনি বলেন, “আমরা লিঙ্গবৈষম্য, জাতিবিদ্বেষ, ভূমিপুত্রদের অধিকার বা পশুদের অধিকার, যা কিছু নিয়েই আমরা বলি না কেন, তা প্রভুত্বের মানসিকতার বিরোধী। কেবল একটি জাতি বা একটি প্রজাতির জীব বাকিদের ওপরে প্রভুত্ব করবে, তা আমরা মানি না।”
প্রকৃতিকে ধ্বংস করার বিরুদ্ধেও মুখ খোলেন অভিনেতা। তাঁর কথায়, “আমরা প্রকৃতিকে ধ্বংস করে সম্পদ আহরণ করি। আমরা গরুর থেকে তার সন্তানকে চুরি করি, তার কান্নায় গুরুত্ব দিই না। যে দুধ গরুর সন্তানের প্রাপ্য তা আমরা নিজেদের কফি এবং অন্যান্য খাবারে ব্যবহার করি।”
এরপর ওয়াকিন নিজের সমালোচনা করেন। তিনি বলেন, “আমি অনেক সময় স্কাউন্ড্রেলের মতো আচরণ করেছি। বহু ক্ষেত্রে স্বার্থপর হয়েছি। মাঝে মাঝে নিষ্ঠুরতাও দেখিয়েছি। আমার সঙ্গে কাজ করতে গিয়ে সহকর্মীরা সমস্যায় পড়েছেন।” উপস্থিত জনতাকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “এর পরেও যে আপনারা আমাকে সুযোগ দিয়েছেন, সেজন্য আমি কৃতজ্ঞ।”
ওয়াকিনের ভাই রিভার ফিনিস্কও অভিনেতা ছিলেন। তিনি মারা গিয়েছেন। মৃত ভাইয়ের কথাও উল্লেখ করেন অভিনেতা। দীর্ঘ ভাষণের শেষে তিনি বলেন, “আমার যখন ১৭ বছর বয়স, তখন আমার ভাই একটি গান লিখেছিল। তার মূল কথাটা হল, ভালবেসে অন্যের সেবা কর, তাহলেই শান্তি পাবে।”