
শেষ আপডেট: 14 November 2023 13:53
দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: তখন মধ্যরাত। শুনশান মণ্ডপ। সেখানে ঘোরাঘুরি করছে এক যুবক। আচমকা দেবীকে প্রণাম করেই প্রতিমার গায়ের গয়না খুলতে শুরু করল সে। হাওড়ার একটি কালীপুজোর মণ্ডপে চোরের এমন কীর্তি ধরা পড়ল মণ্ডপের সিসিটিভি ক্যামেরায়। আর তা দেখে তাজ্জব পুলিশও।
সিসিটিভিতে ধরা পড়ল চোর পুট পুটের কীর্তি#Kalipuja #Diwali2023 #Celebration #TheWallBangla pic.twitter.com/TA0dL8brGT
— The Wall (@TheWallTweets) November 14, 2023
চ্যাটার্জিহাট থানার অন্তর্গত সিজন সংঘ ক্লাবের পুজো ৫৮ বছরে পড়েছে। এলাকার পুরনো বারোয়ারি পুজোগুলির মধ্যে এটি অন্যতম। এবারের পুজোয় এলাহি আয়োজন করা হয়েছিল। উদ্যোক্তারা প্রায় লক্ষাধিক টাকার সোনার গয়না দিয়ে সাজিয়েছিলেন প্রতিমাকে। রাতে মণ্ডপের সুরক্ষার জন্য সেখানে সিসিটিভিও লাগানো হয়েছিল। সেই ক্যামেরায় ধরা পড়ল চোরের এমন কীর্তি।
সিসিটিভি-র ছবি দেখেই ক্লাব সদস্যরা দুষ্কৃতীকে চিহ্নিত করে। এরপরেই পুলিশে খবর দেন তাঁরা। এলাকায় ওই যুবককে সকলে পুটপুট নামে চেনে। সকালে তার বাড়ি যায় পুলিশ। সেখানে থেকে চুরি যাওয়া সমস্ত গহনা উদ্ধার হয়। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে।