দ্য ওয়াল ব্যুরো: ফের ঘুরে দাঁড়াব আমরা। তার জন্য দরকার ৯,৫৩৫ কোটি টাকা। এমনটাই ঘোষণা করলো ধুঁকতে থাকা বিমান পরিষেবা সংস্থা জেট এয়ারওয়েজ। ঋণের ভারে মুখ থুবড়ে পড়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম এই বিমান পরিবহণ সংস্থা। তার মধ্যে জেটের পাইলটরা হুমকি দিয়েছিলেন বকেয়া না পেলে সোমবার ১ এপ্রিল থেকেই বিমান চালানো বন্ধ করে দেবেন তাঁরা। আশঙ্কা আর টানাপড়েনের জালে হাঁসফাঁস করা সংস্থা অবশ্য রবিবার রাতেই পাইলট আর ইঞ্জিনিয়ারদের ডিসেম্বরের বকেয়া ৮৭ শতাংশ বেতন মিটিয়েছেন। তাতে ক্ষণিকের স্বস্তি দিয়ে পাইলটদের সংগঠন ন্যাশনাল অ্যাভিয়েটার্স গিল্ড (ন্যাগ) জানিয়েছে, কাজ বন্ধের দিন পিছিয়ে করা হয়েছে ১৫ এপ্রিল।
এই মুহূর্তে বাজারে সাড়ে ৮ হাজার কোটি টাকার দেনা জেট এয়ারওেজের। যার জেরে বিমানের ভাড়া মেটাতে না পেরে গত কয়েকদিনে একের পর এক বিমান বসিয়ে দিয়েছে জেট এয়ারওয়েজ। এই মুহূর্তে দেশে জেট এয়ারওয়েজের মাত্র ৪১টি বিমান চলছে। গত তিন মাস ধরে বেতন পাচ্ছেন না সংস্থার পাইলট ও ইঞ্জিনিয়াররা। ন্যাগের অন্তত ১০০০ জন পাইলট ও জেট এয়ারক্রাফ্ট মেনটেনেন্স ইঞ্জিনিয়ারদের (AME) দাবি ছিল, ৩১ মার্চের মধ্যে তাঁদের বকেয়া বেতন মিটিয়ে না দেওয়া হলে ১ এপ্রিল থেকে তাঁরা বিমান চালানো বন্ধ করে দেবেন। মায়ের গয়না বন্ধক রেখে সংসার চালাতে হচ্ছে এমন কথাও জানিয়েছিলেন পাইলটদের অনেকে।
আরও পড়ুন: পাইলটদের ধর্মঘটের হুমকি, বাধ্য হয়ে ডিসেম্বরের মাইনে ঘোষণা জেট কর্তৃপক্ষের
ঋণের কিস্তি মেটাতে না পারা, নগদের সমস্যা, কর্মীদের বকেয়া— বিভিন্ন দিক থেকে রীতিমতো কোণঠাসা বিমান এই পরিষেবা সংস্থার পুনর্গঠনের জন্য দরকার ৯,৫৩৫ কোটি টাকা। ইতিমধ্যেই এই দুর্দশা মেটানোর জন্য স্টেট ব্যাঙ্কের নেতৃত্বাধীন ঋণদাতাদের গোষ্ঠী (এসবিআই, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, কানাড়া ব্যাঙ্ক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, ইলাহাবাদ ব্যাঙ্ক)-র সঙ্গে নিয়মিত কথা বলছিলেন সংস্থার কর্তৃপক্ষেরা। পাশাপাশি সাহায্যের জন্য প্রধানমন্ত্রীকেও চিঠিও দেওয়া হয়েছে। সম্প্রতি জেটে ১,৫০০ কোটি টাকা ঢালবে বলে জানিয়েছে স্টেট ব্যাঙ্ক। সূত্রের খবর, এর মধ্যে ৩০০ কোটি পেয়েছে জেট।
নগদ আর বকেয়া নিয়ে সমস্যা মেটানোর মাঝেই পদত্যাগ করেছেন জেটের কর্ণধার নরেশ গয়াল এবং তাঁর স্ত্রী অনিতা গয়াল। নরেশ গয়াল বর্তমানে লন্ডনে রয়েছেন। তিনি সংস্থার ৫১ শতাংশ শেয়ারের মালিক। সেখান থেকেই জেটের ২৩,০০০ কর্মীকে পদত্যাগের কথা ঘোষণা করেছেন তিনি। ঋণদাতা ব্যাঙ্কগুলোর গোষ্ঠী এই শেয়ারের শতাংশের জন্য নতুন ক্রেতার খোঁজ শুরু করেছে।
জেটের বর্তমান সিইও বিনয় দুবের ঘাড়েই জেটকে এই সঙ্কট থেকে বার করার বাড়তি দায়িত্ব চাপিয়েছে বোর্ড। সূত্রের খবর, এসবিআইয়ের ম্যানেজিং ডিরেক্টর এবং জেট এয়ারওয়েজ বোর্ডের প্রাক্তন সদস্য শ্রীনিবাস বিশ্বনাথনকে সংস্থার বড় পদে যোগ দেওয়ার জন্য অনুরোধও জানানো হয়েছে সংস্থার তরফ থেকে। বোর্ডের সদস্য হতে পারেন এসবিআইয়ের প্রাক্তন চেয়ারম্যান এবং প্রাক্তন সিভিসি কমিশনার জানকী বল্লভও।
বিনয় দুবের কথায়, ‘‘জেটের সমস্ত পাইলট ও ইঞ্জিনিয়ারদের আমার বিনীত অনুরোধ, আপনারা ধৈর্য ধরুন। সংস্থা এই সমস্যা দ্রুত কাটিয়ে ওঠার জন্য চেষ্টা চালাচ্ছে। কঠিন সময়ে আপনারা আমাদের পাশে ছিলেন তার জন্য আমরা কৃতজ্ঞ। আপনাদের অনেক লড়াই করতে হয়েছে, এই স্বার্থত্যাগ বিফলে যাবে না।’’ সেই সঙ্গেই সিইও জানিয়েছেন, আপাতত ডিসেম্বরের বেতন মেটানো সম্ভব হয়েছে। ফের টাকা এলে বাকি বকেয়া বেতন মেটানো হবে।
আরও পড়ুন:
https://www.four.suk.1wp.in/news-national-jet-airways-going-through-its-worst-crisis-jet-pilots-have-reportedly-approached-other-airlines-for-jobs/