প্রধানমন্ত্রী হতে চান না, দাবি মায়ার, অপসারিত বিএসপি নেতা
দ্য ওয়াল ব্যুরো : মঙ্গলবার সকালেই চমক।
বিএসপির যে নেতা সোমবার দাবি করেছিলেন, প্রধানমন্ত্রী পদে দলিত নেত্রী মায়াবতীই যোগ্যতম প্রার্থী, তাঁকে দলীয় পদ থেকে সরিয়ে দেওয়া হল ২৪ ঘন্টার মধ্যে। মায়াবতী জানিয়েছেন, ওই নেতা বিএসপির আদর্শের বিরুদ্ধে কথ
শেষ আপডেট: 17 July 2018 07:56
দ্য ওয়াল ব্যুরো : মঙ্গলবার সকালেই চমক।
বিএসপির যে নেতা সোমবার দাবি করেছিলেন, প্রধানমন্ত্রী পদে দলিত নেত্রী মায়াবতীই যোগ্যতম প্রার্থী, তাঁকে দলীয় পদ থেকে সরিয়ে দেওয়া হল ২৪ ঘন্টার মধ্যে। মায়াবতী জানিয়েছেন, ওই নেতা বিএসপির আদর্শের বিরুদ্ধে কথা বলেছেন। তাই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হল।
দলের এক শীর্ষ নেতাকে সরিয়ে দেওয়ার মাধ্যমে মায়াবতী বোঝাতে চেয়েছেন, তিনি এখন প্রধানমন্ত্রী হওয়া নিয়ে ভাবছেন না। কিন্তু এই পদক্ষেপের পিছনেও দলিত নেত্রীর কোনও রাজনৈতিক চাল আছে কিনা, তা নিয়ে মাথা ঘামাচ্ছেন অনেকে।
বিরোধী জোট তৈরি হওয়ার আগেই সোমবার বহুজন সমাজ পার্টির শীর্ষ নেতা জয়প্রকাশ সিং মন্তব্য করেছিলেন, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী নন, প্রধানমন্ত্রী পদে যোগ্যতম হলেন মায়াবতী।
অনেকেই ভাবছিলেন, প্রধানমন্ত্রী পদ নিয়ে বিভিন্ন দল যদি এখনই কাড়াকাড়ি শুরু করে তাহলে তৈরি হওয়ার আগেই বিরোধী জোটের মৃত্যুঘন্টা বেজে যাবে।
এইসব জল্পনা-কল্পনার মধ্যে মঙ্গলবার বেলা ১১ টা নাগাদ টুইট করেন মায়াবতী। তাতে পরিষ্কার বলা আছে, আমি জানতে পেরেছি, বিএসপির জাতীয় কো -অর্ডিনেটর জয়প্রকাশ সিং ভাষণে এমন মন্তব্য করেছেন যা বিএসপির মতাদর্শের পরিপন্থী। তিনি প্রতিপক্ষ দলের নেতৃত্ব সম্পর্কেও মন্তব্য করেছেন। এসবই তাঁর ব্যক্তিগত মত। সুতরাং তাঁকে অবিলম্বে পদ থেকে সরিয়ে দেওয়া হল।
মায়াবতীর রাজনীতি সম্পর্কে যাঁরা ওয়াকিবহাল, তাঁরা ওই টুইটের কথা শুনে বলছেন, এমনও হতে পারে দলিত নেত্রী নিজেই জয়প্রকাশ সিংকে দিয়ে ওই সব বলিয়েছেন। তিনি বিদেশিনী মায়ের সন্তান রাহুলের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা নিয়ে যেমন প্রশ্ন তুলিয়েছেন তেমন প্রধানমন্ত্রী পদের প্রার্থী হিসাবে নিজের নামটিও ভাসিয়ে দিয়েছেন হাওয়ায়। তারপর প্রমাণ করতে চাইছেন, জয়প্রকাশ কী বলবেন তিনি জানতেনই না। তিনি এই ধরনের কথা বলা পছন্দ করেন না।
মায়াবতী সত্যি কী করতে চাইছেন তা কিছুদিনের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে বলে পর্যবেক্ষকদের ধারণা।
https://twitter.com/ANINewsUP/status/1019089697941983232