দ্য ওয়াল ব্যুরো: তাঁদের পরিবারের মেয়ের সঙ্গে টিকটক ভিডিও বানানোর অপরাধে এক যুবককে পিটিয়ে, জামাকাপড় খুলিয়ে, নগ্ন অবস্থায় এলাকায় গোরানোর অভিযোগ উঠল জয়পুরে। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে ওই মেয়েটি এবং প্রহৃত যুবক দুই পরিবারের তরফেই।
১৪ বছরের ওই কিশোরীর পরিবার পুলিশকে জানিয়েছে, তাদের মেয়ের সঙ্গে টিকটকে ভিডিও বানিয়েছিল ওই যুবক। তার পরে তা সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়। তখনই চোখে পড়ে কিশোরীর দাদার। তিনি পরিবারের অন্যদের বলে দিলে সকলে দেখতে পায় ভিডিওটি। অভিযোগ, ওই ভিডিও দেখে নাকি বোঝা যাচ্ছিল, তাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে।
এর পরেই প্রথমে কিশোরী মেয়েকে মারধর করে পরিবারের লোকজন। এখানেই শেষ নয়। মেয়েটির কাছ থেকে খোঁজ নিয়ে খুঁজে বার করে যুবককে। প্রতিশোধের বশে তাঁকেও বেধড়ক মারধর করা হয়। অভিযোগ, এর পরে তাঁকে উলঙ্গ করে গোটা এলাকায় ঘোরায় মেয়েটির পরিবার। সেই ঘটনাটিও ভিডিও করে কেউ আপলোড করে দেয় সোশ্যাল মিডিয়ায়।
ভিডিওয় দেখা যায়, বারবার কাতর আবেদন করেছিল আক্রান্ত যুবক৷ কিন্তু তাতেও মার থামেনি৷ উলঙ্গ অবস্থায় বেল্ট দিয়ে তাঁকে মারধর করতে থাকে মেয়েটির পরিবারের সদস্যরা৷ তাদের চিৎকার করে বলতে শোনা যায়, তাদের বাড়ির মেয়ের সঙ্গে টিকটকে ভিডিও পোস্ট করার শাস্তি এটাই৷
এর পরেই পুলিশে অভিযোগ দায়ের করে ওই যুবকের পরিবার। পাল্টা অভিযোগ দায়ের করে কিশোরীর পরিবারও।
জয়পুরের অ্যাডিশনাল ডিসিপি মনোজ চৌধুরি বলেছেন, ‘‘আমরা জেনেছি, মেয়ের পরিবার উলঙ্গ করে ওই যুবককে মারধর করেছে।’’ যুবকের পরিবার মারধর ও উলঙ্গ করে ঘোরানোর ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে মেয়ের পরিবারের লোকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বলেও জানিয়েছেন তিনি।
অন্যদিকে, ওই যুবকের বিরুদ্ধেও মামলা দায়ের করেছে মেয়েটির পরিবার। তাঁর বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে। দুই পরিবারের সদস্যদেরই গ্রেফতার করেছে পুলিশ। খতিয়ে তদন্ত করে দেখছে তারা।