
শেষ আপডেট: 13 July 2018 17:27
শ্রীদেবী-কন্যা জাহ্নবীকে নিয়ে গুঞ্জন কম নেই বলিউডে। তাতে অবশ্য আরও বেশি করে মিশে রয়েছে বিষাদের সুর। মেয়ের প্রথম সিনেমা মুক্তি পাওয়ার মাস পাঁচেক আগেই মারা গিয়েছেন মা। অন্য দিকে ঈশানের হাঁটা, চলা, হাসি, নাচ-- বারবার করে মনে করিয়ে দিচ্ছে নয়ের দশকের চকলেট বয় শাহিদ কাপুরের কথা। হবে না-ই বা কেন, সম্পর্কে তো শাহিদের ভাই এই ঈশান।
শুক্রবার সন্ধেয় কোয়েস্ট মলের আইনক্স অডিটোরিয়ামে এলেন এই নব্যজুটি। সাদা-লালের কম্বিনেশনের লং ঘাগরা আর ছোট্ট টপে, শান্ত স্বভাবের জাহ্নবীর বডি ল্যাঙ্গুয়েজে স্পষ্ট, এখনও সরগড় হয়নি ঝাঁ চকচকে রুপোলি জগতের আদবকায়দা। ঈশানের মধ্যে অবশ্য রয়েছে সহজাত স্বতঃস্ফূর্ততা। জাহ্নবী জানালেন, মীনাকুমারী অথবা মধুবালার বায়োপিকে নামভূমিকায় অভিনয় করার সুযোগ পেতে চান। ঈশান অবশ্য তিনি কোন ভূমিকায় অভিনয় করবেন, সেটা পরিচালকের উপরেই ছাড়তে চান।
এবং দু'জনের কাছেই যখন জানতে চাওয়া হল, তাঁৎা ভবিষ্যতে কোন নায়ক বা নায়িকার সঙ্গে কাজ করতে চান, দু'জনেই চাইলেন দু'জনের মুখের দিকে। জানালেন, পরস্পরের সঙ্গেই বারবার কাজ করতে চান তাঁরা। শুধু অনস্ক্রিন নয়, ওঁদের অফ স্ক্রিন জুটিও যে দিব্যি জমজমাট, তা বোঝা গেল আজ সামনে থেকে দেখেই। জাহ্নবীর মাইক কাজ না করলে তাড়াতাড়ি মাইক এগিয়ে দেন ঈশান। আবার সাংবাদিকের প্রশ্নের উত্তর জাহ্নবীর দেওয়া হলে যদি পরের প্রশ্ন শুরু হয়ে যায়, তাঁকে থামান জাহ্নবী। মাইক তুলে দেন ঈশানের হাতে। বলেন, ওঁর উত্তরও শোনা হোক।
আলোচনায় সচেতন ভাবেই এড়িয়ে যাওয়া হয় শ্রীদেবী-প্রসঙ্গ। তবে দাদার কথা জিজ্ঞেস করতেই এক মুখ হাসি ঈশানের। জানালেন, শাহিদ কাপুরের খুবই ভাল লেগেছে ট্রেলার দেখে। উৎসাহ দিয়েছেন অনেক।
দু'জনেই কলকাতায় শ্যুটিং করে মজা পেয়েছেন। বাদ পড়েনি চিরাচরিত রসোগোল্লা আর মিষ্টি দই। জাহ্নবী জানালেন, চেখে দেখেছেন মাছের ঝোল আর চিংড়িমাছের মালাইকারীও।
দু'জনেরই পাখির চোখ আপাতত ২০ জুলাই, ধড়ক রিলিজ়ের দিন। এই সময়ের জ্বলন্ত এক সামাজিক সমস্যাকে কেন্দ্র করে করা শশাঙ্ক খৈতান পরিচালিত এই ছবিটি সকলের ভাল লাগবে বলেই মনে করছেন তাঁরা। শহর কলকাতার কাছে এক সপ্তাহ আগে এসে আবেদন করে গেলেন, তাঁদের প্রথম কাজে সঙ্গে থাকতে।
কী কী বললেন তাঁরা, দেখে নিন ভিডিও।
https://www.youtube.com/watch?v=wlEAmFS1i80