
শেষ আপডেট: 19 August 2023 11:14
দ্য ওয়াল ব্যুরো: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর (Jadavpur University Student Death Case) ঘটনায় দ্বিতীয়বার রিপোর্ট চেয়েছিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি (UGC)। ১২টি প্রশ্নের উত্তর চেয়েছিল তারা। শুক্রবার সেই ১২টি প্রশ্নের উত্তর ৩১টি ফাইলে পাঠিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় (Jadavpur University), শনিবার সাংবাদিকদের প্রশ্নে এমনই জানালেন রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু (Snehamanju Basu)।
গত ৯ অগস্ট বিশ্ববিদ্যালয়ের হস্টেলের তিনতলা থেকে পড়ে মৃত্যু হয় প্রথম বর্ষের ছাত্রের। বিশ্ববিদ্যালয়ের কাছে রবিবার রিপোর্ট চেয়েছিল ইউজিসি। সোমবারই সেই রিপোর্ট পাঠিয়ে দিয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তারা জানায়, ওই রিপোর্টে 'সন্তুষ্ট' হয়েছে ইউজিসি। তাই বুধবার বিশ্ববিদ্যালয়ে তাদের যে প্রতিনিধি দলের আসার কথা ছিল, তা আসছে না।
ইউজিসির নির্দেশ মতো শুক্রবারই সেই রিপোর্ট পাঠানো হয়েছে বলে জানান যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার। তিনি এদিন বলেন যে, এর আগে প্রাথমিক রিপোর্ট পাঠানো হয়েছিল। তবে শুক্রবার তাঁরা প্রথম রিপোর্ট পাঠিয়েছে।
শনিবার বিশ্ববিদ্যালয়ে আসতে দেখা যায় রেজিস্ট্রারকে। এনিয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, এখন অনেক রিপোর্ট তৈরি করতে হচ্ছে, তাই শনি ও রবিবারও নাকি বিশ্ববিদ্যালয়ে আসতে হচ্ছে তাঁদের।
আরও পড়ুন: যাদবপুর কাণ্ডে তিন অভিযুক্তের পুলিশি হেফাজত, শুক্রবার রাতে গ্রেফতার করেছিল লালবাজার