দুর্গাপুরের মেডিক্যাল ছাত্রীর সঙ্গে ঘটে যাওয়া ঘটনার প্রতিবাদে যাদবপুরে ফের 'রাত দখল' আন্দোলন। চিকিৎসক তমোনাশ চৌধুরীর নেতৃত্বে রাজ্যের নারী নিরাপত্তা ও প্রশাসনের ভূমিকা নিয়ে উঠল প্রশ্ন।

রাত দখল
শেষ আপডেট: 14 October 2025 23:44
দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুরের বেসরকারি মেডিক্যাল কলেজের ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় প্রতিবাদে আবারও উত্তাল যাদবপুর। মঙ্গলবার রাতে রাজপথে নেমেছে চিকিৎসক এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষ। রাত ৮টা থেকে শুরু হয়েছে 'রাত দখল' কর্মসূচী।
যাদবপুরে আয়োজিত এই প্রতিবাদে আরজিকর মেডিক্যাল কলেজের আন্দোলন-এর সঙ্গে যুক্ত বহু চিকিৎসক ও প্রতিনিধিরা সামিল হয়েছেন। প্রতিবাদকারীদের মধ্যে উপস্থিত রয়েছেন চিকিৎসক তমোনাশ চৌধুরী, যিনি সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন।
সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে চিকিৎসক তমোনাশ চৌধুরী বলেন, "আমরা দেখছি ৯ অগস্ট ২০২৪-এর পর, তখন সরকার বলেছিল যে মেয়েরা রাতে কাজ করবে না। আর দুর্গাপুরের ঘটনার পরও আমরা একই ধরনের কথা শুনছি। এর মানেটা কী? আসলে সরকারের ভূমিকার কোনও পরিবর্তন হয়নি।"
তিনি আরও বলেন, "তাই আমাদের রাস্তায় নামতে হয়েছে। আমাদের রাজ্যের মেয়েদের সমান অধিকারের জন্য, এই দিন তাঁদের, এই রাত তাঁদের, তাঁরা যখন মনে করবে, রাস্তায় বেরোবে। সরকার এবং প্রশাসনের দায়িত্ব, তাঁদের নিরাপত্তা দেওয়া। তাই আমাদের রাস্তায় নেমে প্রতিবাদ করতে হচ্ছে।"
তাঁর এই বক্তব্যে স্পষ্ট যে, নাগরিক সমাজ মনে করছে রাজ্যের মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন যথেষ্ট সক্রিয় নয়, আর তারই প্রতিবাদে এই 'রাত দখল' কর্মসূচী।