দ্য ওয়াল ব্যুরো: মস্ত বড় কাণ্ডই বটে। শবরীমালার প্রথা ভেঙে মন্দিরের অন্দরে দুই মহিলা, তাও আবার সম্পূর্ণ পুলিশি নিরাপত্তায়। বিষয়টা একেবারেই হজম করতে পারছে না মন্দির বাঁচাও কমিটি।তাদের প্রশ্ন, কীভাবে সম্ভব! নিয়ম ভেঙে মন্দিরে ঢুকে পড়া মহিলাদের পুলিশ কীভাবে নিরাপত্তা দিল। সেই উত্তর খুব সহজ ভাবেই দিল কেরল পুলিশ। কেরলের ডিজিপি লোকনাথ বেহেরা জানালেন, মন্দিরে যাঁরা আসবেন তাঁদের নিরাপত্তা দেওয়াই পুলিশে কাজ। আর সেটাই করা হয়েছে।
ডিজিপি আরও জানান, সুপ্রিম কোর্ট যখন মন্দিরে মহিলাদের প্রবেশের নির্দেশ দিয়েছে, তখন কোনও আইনই তাঁদের আটকাতে পারে না। পুলিশ নিয়মের মধ্যে থেকে কর্তব্য পালন করেছে মাত্র। মন্দিরে পুজো দিতে আসা মহিলাদের বয়স কত , তা খতিয়ে দেখা পুলিশের কাজ নয়।
https://twitter.com/ANI/status/1080343361578389504
কেরল পুলিশের এই অকপট বক্তব্যকে রাজনৈতি ষড়যন্ত্র বলে মনে করছে মন্দির বাঁচাও কমিটি। তাঁদের দাবি, মুখ্যমন্ত্রীর নির্দেশেই দুই মহিলাকে নিরাপত্তা দিয়েছে পুলিশ। যদিও, মহিলাদের মন্দিরে প্রবেশকে সমর্থন করে ট্যুইট করেছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নন। তিনি জানিয়েছেন, শবরীমালা মন্দিরে প্রবেশের অধিকার সবার। মন্দিরে যাঁরা প্রবেশ করবেন তাঁরাই নিরাপত্তা পাবেন। কেরল পুলিশ রাজ্য সরকারের নির্দেশ মেনেই কাজ করেছে।
https://twitter.com/ANI/status/1080327690689961986
মুখ্যমন্ত্রীর এই ট্যুইটের পরই পরিস্থিতি আরও খারাপ হয়েছে। শবরীমালা কর্ম সমিতি মন্দিরে মহিলা প্রবেশের বিরুদ্ধে বৃহস্পতিবার কেরল জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে। মন্দিরের সামনে দফায় দফায় চলছে বিভিন্ন সংগঠনের বিক্ষোভ কর্মসূচি।
অতীত বলছে, শবরীমালার কাছাকাছি গিয়েও মহিলা ভক্তরা অনেক বার ফিরে যেতে বাধ্য হয়েছেন।সেপ্টেম্বরেই মন্দির থেকে পাঁচ হাত দূরত্বে আটকে দেওয়া হয়েছিল সমাজকর্মী রেহানা ফতিমাকে। পরে ভগবান আয়াপ্পাকে অপমানের অভিযোগে রেহানাকে গ্রেফতারও করা হয়।
কিন্তু মঙ্গলবার ভোররাতের ঘটনায় ছবিটা পুরোপুরি বদলে গেল। মন্দিরে ঢোকার পর দুই মহিলাকে নিরাপত্তা দেওয়া হয়। ২ পুলিশ কর্মী তাঁদেরব ভিতরে নিয়ে যান। পুজো দিয়ে বেরিয়েও আসেন তাঁরা।
তাই প্রশ্ন উঠছে, মন্দিরে ভিতরে দুই মহিলা যখন নিরাপত্তা পেলেন, তখন এতদিন ধরে কেন মহিলাদের ঢুকতে বাধা দিয়েছে পুলিশ। মন্দির কমিটির বিরুদ্ধে যেতেই কি ইচ্ছাকৃত মহিলাদের নিরাপত্তা দেওয়া হল।
যদিও কেরল পুলিশ আগের বক্তব্যেই অনড়।
আরও পড়ুন-
https://www.four.suk.1wp.in/sabarimala-temple-shut-after-2-women-entered-reopens-after-purification/