
শেষ আপডেট: 2 September 2023 06:31
দ্য ওয়াল ব্যুরো: সূর্যের দিকে উড়ে গেল সৌরযান আদিত্য-এল-১ (Aditya L-1)। পৃথিবীর মাটি ছাড়িয়ে হুশ করে উড়ল পিএসএলভি রকেট। চাঁদের পরে সৌর অভিযানে নজির গড়ল ইসরো।
ইসরো (ISRO) জানিয়েছে, পৃথিবী থেকে ১৫ লক্ষ কিলোমিটার দূরে সূর্য ও পৃথিবীর মাঝের এক কক্ষপথ ‘ল্যাগরাঞ্জিয়ান পয়েন্ট’ বা ‘ল্যাগরেঞ্জ পয়েন্ট’-এ বসিয়ে দেওয়া হবে স্যাটেলাইট আদিত্য এল-১ (Aditya L1 mission)-কে। সূর্যে পৌঁছতে সময় লাগবে প্রায় চার মাস। সূর্যের বাইরের সবচেয়ে উত্তপ্ত স্তর করোনার যাবতীয় তথ্য সে তুলে দেবে আমাদের হাতে। এই সোলার-মিশন তাই সবদিক দিয়েই খুব গুরুত্বপূর্ণ। খুব কাছ থেকে আদিত্য এল-১ (Aditya L1 Launch) পর্যবেক্ষণ করবে সূর্যের সমস্ত গতিবিধি। সাক্ষী থাকবে সূর্যগ্রহণ, সৌরঝড় সহ সূর্যের নানাবিধ পরিস্থিতির। আর এই সমস্ত কিছু ছবি তুলে ইসরোকে পাঠাবে সৌরযান আদিত্য এল-১।

, উৎক্ষেপণের পর প্রায় ১৬ দিন পৃথিবীর চারিদিকে পাক খাবে আদিত্য-এল১। এই ১৬ দিনে সূর্যের দিকে পাড়ি দেওয়ার জন্য পাঁচটি ধাপে গতিবেগ বাড়াবে আদিত্য। এর পর ১১০ দিন একটা নির্দিষ্ট দূরত্বে দাঁড়িয়ে সূর্যকে পর্যবেক্ষণ করবে সৌরযান। এখন তীব্র বেগে সূর্যের দিকে এগোচ্ছে আদিত্য এল-১। পৃথিবীর মাধ্যাকর্ষণের মায়া কাটিয়ে বেরিয়ে যাবে মহাকাশে। প্রতি ঘণ্টায় ১১৮ কিলোমিটার বেগে যাচ্ছে ইসরোর আদিত্য এল-১
সূর্যের ঘনিষ্ঠ হবে আদিত্য এল-১
জ্বালানি-সহ প্রায় ১৫০০ কিলোগ্রাম ওজনের এই উপগ্রহ সাতটা সায়েন্স পে-লোড নিয়ে পৃথিবীর নিম্ন কক্ষ ৮০০ কিলোমিটার থেকে হলো অরবিট ল্যাগরেঞ্জ পয়েন্টের দিকে যাত্রা করবে। পৃথিবী ও সূর্যের মাঝের একটি অরবিট বা কক্ষপথ হলো এই ল্যাগরেঞ্জ পয়েন্ট। পৃথিবী থেকে যার দূরত্ব ১৫ লক্ষ কিলোমিটার। এই পথটাই পাড়ি দেবে ইসরোর সর্বাধুনিক উপগ্রহ আদিত্য এল-১ (Aditya L-1)। আদিত্য এল-১ কে তাই সে ভাবেই বানানো হয়েছে যাতে কক্ষপথের বিপুল চাপ সহ্য করে অন্তত এক বছর ধরে ছবি ও যাবতীয় তথ্য সে অবিরাম পাঠিয়ে যেতে পারে।
সূর্যের সবচেয়ে রহস্যময় স্তর ‘সোলার করোনা’ নিয়েই কারবার করবে আদিত্য এল-১ (Aditya L-1)। সূর্যের বহিস্তরের তাপমাত্রা প্রায় ১ কোটি কেলভিন, নিম্নস্তরের প্রায় ৬০০০ কেলভিন। সূর্যের পৃষ্ঠদেশে ও করোনার তাপমাত্রার ফারাক এবং করোনা থেকে ছিটকে আসা আগুনে রশ্মি পৃথিবীর বায়ুমণ্ডলে কী ভাবে প্রভাব ফেলে সেটাই খুঁজে বার করবে আদিত্য এল-১। তার জন্য এই উপগ্রহে রয়েছে সাতটি সায়েন্স পে-লোড।