বাজিমাত ইসরোর! পৃথিবীর কক্ষে জমিয়ে বসল রিস্যাটের অ্যান্টেনা, কড়া নজর শত্রুশিবিরে
দ্য ওয়াল ব্যুরো: পৃথিবীর নিম্ন কক্ষপথে ভারতের গুপ্তচর উপগ্রহ রিস্যাট-২বিআর১ কে ছেড়ে এসেছে ইসরোর পিএসএলভি-সি৪৮ রকেট। রকেট থেকে আলাদা হয়ে ৬২৮ কিলোগ্রাম ওজনের এই উপগ্রহ জমিয়ে বসেছে পৃথিবীর ৫৭৬ কিলোমিটার কক্ষপথে ৩৭ ডিগ্রি কৌণিক অবস্থানে। ইসরো
শেষ আপডেট: 12 December 2019 18:30
দ্য ওয়াল ব্যুরো: পৃথিবীর নিম্ন কক্ষপথে ভারতের গুপ্তচর উপগ্রহ রিস্যাট-২বিআর১ কে ছেড়ে এসেছে ইসরোর পিএসএলভি-সি৪৮ রকেট। রকেট থেকে আলাদা হয়ে ৬২৮ কিলোগ্রাম ওজনের এই উপগ্রহ জমিয়ে বসেছে পৃথিবীর ৫৭৬ কিলোমিটার কক্ষপথে ৩৭ ডিগ্রি কৌণিক অবস্থানে। ইসরো জানিয়েছে, রিস্যাট-২বিআর১-এর রেডিয়্যাল রিব অ্যান্টেনাকে সঠিক অবস্থানে বসানো গেছে পৃথিবীর কক্ষে। দাপটের সঙ্গে এই অ্যান্টেনা এবার তার কাজ শুরু করবে।
ইসরো জানিয়েছে, উপগ্রহ উৎক্ষেপণের সময় ৩.৬ মিটারের ওই অ্যান্টেনা ফোল্ড করা ছিল। পৃথিবীর কক্ষে রিস্যাটের পা রাখার সময় সেই অ্যান্টেনাকে ইনসার্ট করা হয়। ইসরোর বিজ্ঞানীরা জানিয়েছেন, এটা অত্যন্ত জটিল প্রক্রিয়া। তবে মাত্র ৯ মিনিট ১২ সেকেন্ডের মধ্যে সেই অসাধ্য সাধন করেন বিজ্ঞানীরা।
https://twitter.com/isro/status/1205102264580329478
ইসরো চেয়ারম্যান কে শিবন জানিয়েছেন, সীমান্তের ও-পারে শত্রুপক্ষের সেনাঘাঁটি বা জঙ্গিদের গোপন ঘাঁটির খুঁটিনাটি থেকে ভারত মহাসাগরে বাড়তে থাকা চিনের উপদ্রব—সবকিছুই পাকা গোয়েন্দার মতো ভারতের হাতে তুলে দেবে এই উপগ্রহ। মেঘের আড়ালে লুকিয়ে নজরদারি চালাবে শত্রুশিবিরের উপর। মহাকাশবিজ্ঞানীদের কাছে তাই রিস্যাট পর্যায়ের এই নয়া উপগ্রহ এক কথায় ভারতের বিশ্বস্ত গুপ্তচর।

রিস্যাট-২বিআর১ উপগ্রহে রয়েছে রিস্যাট এক্স-ব্যান্ডের সিন্থেটিক অ্যাপারচার রাডার (SAR) যা দিন ও রাতে নির্ভুল ছবি তুলতে সক্ষম। মেঘ ফুঁড়ে ভূমির যে কোনও ছবি, শত্রু শিবিরের অবস্থান, সন্ত্রাসবাদীদের গোপন গতিবিধি, তাদের যোগাযোগের মাধ্যম সবকিছুরই তুরন্ত ছবি তুলে পাঠাতে পারবে এই উপগ্রহ। এমনকি পাশাপাশি এক মিটার দূরত্বের ‘অবজেক্ট’ নির্ভুল ভাবে চিহ্নিত করতে পারবে এটি। শুধু শত্রদের গতিবিধি নয়, এর সিন্থেটিক অ্যাপারচার সেন্সর আবহাওয়ার তথ্যও দেবে সঠিক ভাবে। মহাকাশবিজ্ঞানীদের মতে, এর রাডারে ধরা পড়া ছবি দেখে প্রাকৃতিক বিপর্যয়ের মোকাবিলা করার জন্য আগাম পদক্ষেপ নেওয়া যাবে। ইসরোর চেয়ারম্যান কে সিভনের কথায়, “ভারতের জন্য এই উপগ্রহের উৎক্ষেপণ নিঃসন্দেহে বড় ঘটনা।”

এপ্রিলেই মহাকাশে পাড়ি দিয়েছে নজরদারি উপগ্রহ এমিস্যাট (EMISAT)। মাত্র ৪৩৬ কিলোগ্রাম ওজনের এই উপগ্রহটি পৃথিবী থেকে ৭৬৩ কিমি দূরত্বের কক্ষপথে স্থাপন করা হয়েছে। মহাকাশ বিজ্ঞানীদের দাবি সীমান্ত পারের যে কোনও জায়গায় জঙ্গি শিবিরে কড়া নজরদারি চালাবে এই নয়া উপগ্রহ। শুধু তাই নয়, এই ইলেকট্রনিক স্যাটেলাইট সহজেই বলে দেবে শত্রু শিবিরে কী কী গ্যাজেট সক্রিয়। জানুয়ারিতে ৭৪০ কিলোগ্রাম ওজনের একটা উপগ্রহকে কাঁধে চাপিয়ে মহাকাশে পাড়ি দিয়েছিল ‘পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল’ বা পিএসএলভি-সি-৪৪। ‘মাইক্রোস্যাট-আর’ নামে এই উপগ্রহটি মহাকাশে পাঠানো হয়েছিল সেনাবাহিনীর গবেষণামূলক কাজের জন্যই। যেটি রাতের পরিষ্কার ছবি তুলে পাঠাতে সক্ষম।