.jpeg)
পাইকারি বাজারে টাস্ক ফোর্সের সদস্যরা।
শেষ আপডেট: 10 May 2025 14:25
দ্য ওয়াল ব্যুরো: কাশ্মীরের পহেলগামে জঙ্গিরা নিরীহ পর্যটকদের হত্যা করার পর থেকেই ভারত-পাক সীমান্তে (India Pakistna Tention) উত্তেজনা ক্রমেই চড়ছে। মঙ্গলবার মধ্যরাতে ভারতের 'অপারেশন সিঁদুর' প্রত্যাঘাতের পর থেকেই সীমান্তে লাগাতার সংঘর্ষের পথে হেঁটেছে পাকিস্তান। শুক্রবার রাত থেকে কার্যত যুদ্ধ ঘোষণা করে 'বুনিয়ান মারসুস' অপারেশনে নেমেছে পাক সেনা। পাল্টা জবাব দিচ্ছে ভারতও।
আর এই যুদ্ধ যুদ্ধ পরিস্থিতির সুযোগ নিয়ে বাজারে জিনিস পত্রের দাম উর্ধ্বমুখীর আশঙ্কাও তৈরি হয়েছে। এ ব্যাপারে গত বৃহস্পতিবারই নবান্নের সাংবাদিক বৈঠক থেকে ব্যবসায়ীদের সতর্ক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাফ জানিয়েছিলেন, 'কালোবাজারি হলে সমস্ত মাল বাজেয়াপ্ত করা হবে'।
মুখ্যমন্ত্রীর সেই নির্দেশ মেনে এদিন কলকাতা থেকে জেলা, বিভিন্ন বাজারে দেখা গেল টাস্ক ফোর্সের (Task force) সদস্যদের। কলকাতার অন্যতম বড় বাজার শিয়ালদহর কোলে মার্কেট ( Kole market , Sealdah)। এদিন সেখানে গিয়েছিলেন ফোর্সের এক প্রতিনিধি দল। মাছ থেকে শাক, সবজি, বাজার ঘুরে তাঁরা জিনিস পত্রের দাম খতিয়ে দেখেন। কথা বলেন ক্রেতাদের সঙ্গেও।
টাস্ক ফোর্সের আধিকারিক রবীন্দ্রনাথ ঘোষ বলেন, "পাইকারি বাজারে জিনিস পত্রের দাম ঠিকই আছে। ক্রেতারাও কেউ কোনও অভিযোগ জানাননি।"
তিনি বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে এখন থেকে কলকাতা ও জেলার প্রতিটি বাজারে প্রতিদিনই টাস্ক ফোর্সের সদস্যরা নজরদারি চালাবেন। উদ্দেশ্য একটাই, যুদ্ধের আবহে কোনও অসাধু চক্র যেন মাথা চাড়া দিয়ে না ওঠে। মানুষের কাছ থেকে অতিরিক্ত দাম যেন না নিতে পারে।
এদিন শিয়ালদহর পাইকারি বাজারে টাস্ক ফোর্সের অভিযানের সময় জিনিসপত্রের যা দাম উঠে এসেছে-মুম্বই ইলিশ কেজি প্রতি ৭০০/৮০০ টাকা। কাটা পোনা ১০০ থেকে ১২০ টাকা। তিন কিলো ওজনের কাতলা ২৫০ থেকে ৩০০ টাকা। মুরগির ডিম ৬ টাকা। দেশি মুরগির ডিম ৮ টাকা। হাঁসের ডিম ১২ টাকা। কাঁচা আম ২০ টাকা, ঝিঙে ৫০ টাকা, শসা ৪০ টাকা, ক্যাপসিকাম ২০ টাকা, লাল আলু ৩০ টাকা, ভেন্ডি ১৬ টাকা কেজি, পাতি লেবু ৬০ পয়সা থেকে এক টাকা পিস। কাঁচা লঙ্কা ৪০ টাকা, বরবটি ৪০ টাকা। আলু ১৫ থেকে ২০ টাকা, পিয়াজ ২৫ থেকে ৩০ টাকা, রসুন ৭০ থেকে ১০০ টাকা, আদা ৮০ থেকে ১০০ টাকা।